
যশোর-বেনাপোল মহাসড়কে দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত এবং ২ জন গুরুতর আহত হয়েছেন।
গতকাল শুক্রবার রাত ১১টা ৪০মিনিটের দিকে সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের নতুনহাট মোড়ের কাছে বড় মেঘলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন মণ্ডলগাতী এলাকার শামিম হোসেনের ছেলে সিয়াম হোসেন। পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র অনুয়ায়ী আরেকজনের নাম আরিফুল ইসলাম জয়, বাবার নাম শহিদুল ইসলাম। তার ঠিকানা যশোর পৌরসভার শংকরপুরের বেজপাড়া। নিহত তৃতীয় ব্যক্তির পরিচয় জানা যায়নি।
আহত ওমর ফারুক ও রাকিব হাসান রিফাতকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওমর ফারুক আব্দুল কাদেরের ছেলে এবং রাকিব রুহুল আমিনের ছেলে। তারা সদর উপজেলার মণ্ডলগাতী এলাকার বাসিন্দা। দু’জনেরই অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয়রা জানান, সিয়াম, ওমর ফারুক ও রাকিব একটি মোটরসাইকেলে মণ্ডলগাতী থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। বড় মেঘলায় পৌঁছলে বিপরীত দিক থেকে যশোরগামী অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। সিয়াম বেনাপোলগামী মোটরসাইকেলের আরোহী ছিলেন।
নিহত অপর ২ জন যশোরগামী মোটরসাইকেলে ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বাসস’কে জানান, আরিফুলের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। নিহত তৃতীয় ব্যাক্তির পরিচয় নিশ্চিত করতে এবং স্বজনদের খুঁজে পেতে পুলিশের একাধিক টিম কাজ করছে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24