
জার্মানির পশ্চিমাঞ্চলে গ্যাস লিকের ঘটনায় একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি এবং তিন শিশু রয়েছে। সোমবার তাদের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
ফ্রান্সের স্ট্রাসবুর্গ শহরের বিপরীতে রাইন নদীর ওপারে সীমান্তবর্তী কেল শহরের একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
বার্লিন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
নিকটবর্তী শহর অফেনবুর্গের পুলিশ জানায়, ফ্ল্যাটটি কয়েকটি শিশুসন্তানসহ একটি পরিবারের। এ ঘটনায় আরও দুই শিশুকে জরুরি চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশের বিবৃতিতে বলা হয়, শিশুরা স্কুলে অনুপস্থিত থাকায় বিষয়টি জানাজানি হয়। পরে স্থানীয় সময় বেলা ১১টা ৪৫ মিনিটে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
আঞ্চলিক সংবাদপত্র বাদিশে জাইটুং দমকল বিভাগের কর্মকর্তা ভিক্টর লিয়ারের বরাত দিয়ে জানায়, ঘটনাস্থলে কার্বন মনোক্সাইডের উপস্থিতি শনাক্ত করা হয়েছে।
জরুরি বিভাগের কর্মীরা ভবনটির অন্য ফ্ল্যাটগুলোও পরীক্ষা করেন। পুলিশ নিশ্চিত করেছে, সেখানে এখন আর কোনো বিপদের আশঙ্কা নেই।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24