নিজস্ব প্রতিবেদক: তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে বড় ব্যবধান তৈরি হয়েছে। শ্রমিকপক্ষ সর্বশেষ ২২ হাজার টাকা মজুরির প্রস্তাব দিলেও মালিকপক্ষ দিতে চায় ১৫ হাজার ৮০০ টাকা। দুই পক্ষের প্রস্তাবের মধ্যে ব্যবধান দাঁড়িয়েছে ৬ হাজার ২০০ টাকা। দীর্ঘ আট ঘণ্টা আলোচনা করেও সমঝোতায় পৌঁছাতে পারেনি নিম্নতম মজুরি বোর্ড। এ কারণে সোমবারের সভা মুলতবি করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ২টায় আবারও বৈঠকে বসবেন বোর্ডের সদস্যরা।
জানা যায়, গতকাল বোর্ডের তৃতীয় সভায় মালিকপক্ষ শুরুতে ১৫ হাজার টাকা প্রস্তাব করে। এর আগে দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকা প্রস্তাব করেছিল। কয়েক দফা আলোচনার পর পোশাকশিল্প মালিক ও শ্রমিকপক্ষ উভয়েই তাদের প্রস্তাব সংশোধন করে।
শ্রমিকপক্ষের সংশোধিত ন্যূনতম মজুরি প্রস্তাব ২২ হাজার টাকা এবং মালিকপক্ষের সংশোধিত প্রস্তাব ১৫ হাজার ৮০০ টাকা।
দুটি প্রস্তাব নিয়েই আলোচনা চলমান আছে। আজকের বৈঠকে উভয় পক্ষ একটি নির্দিষ্ট অঙ্কে পৌঁছাতে পারে বলে মনে করছেন বোর্ড সদস্যরা।
আজ (মঙ্গলবার) দুপুর ২টায় চতুর্থ সভায় বসছে নিম্নতম মজুরি বোর্ড। রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।
এতে সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।
রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে অনুষ্ঠিতব্য এ সভায় মালিক ও শ্রমিকপক্ষের দাখিল করা মজুরি প্রস্তাব পর্যালোচনা করে নতুন মজুরি কাঠামোর সুপারিশ প্রণয়ন নিয়ে আলোচনা হবে। সভায় দুটি বিষয় আলোচ্যসূচিতে রাখা হয়েছে। এগুলো হলো- গার্মেন্টস শিল্পের শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের দাখিল করা লিখিত মজুরি প্রস্তাব নিয়ে আলোচনা এবং শিল্প খাতে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়ন।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24