
চীন ও অন্যান্য দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র—গণমাধ্যমে এমন খবর প্রকাশের পর ওয়াশিংটনকে সতর্ক করেছে বেইজিং। একই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছে চীন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের আওতায় চীন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো বড় বাণিজ্য অংশীদাররা পড়তে পারে।
এ বিষয়ে জানতে চাইলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শুল্কযুদ্ধ কোনো পক্ষের স্বার্থেই কাজ করে না।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, ‘সমতা, পারস্পরিক সম্মান ও উভয় পক্ষের স্বার্থের ভিত্তিতে আলোচনার মাধ্যমে সংশ্লিষ্ট সমস্যাগুলোর সমাধান করা উচিত।’
তিনি আরও বলেন, চীনের বিরুদ্ধে অতিরিক্ত উৎপাদন সক্ষমতার যে অভিযোগ তোলা হচ্ছে, তা একটি ভিত্তিহীন দাবি। রাজনৈতিক উদ্দেশ্যে এ অভিযোগকে অজুহাত হিসেবে ব্যবহার করার বিরোধিতা করে বেইজিং।
উল্লেখ্য, চীনের শিল্প খাতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নিয়ে বিভিন্ন দেশের উদ্বেগ রয়েছে। তাদের আশঙ্কা, চীন নিজ দেশের চাহিদার তুলনায় বেশি পণ্য উৎপাদন করে আন্তর্জাতিক বাজারে সরবরাহ করছে। এর ফলে গুরুত্বপূর্ণ শিল্প খাতে বৈশ্বিক সরবরাহব্যবস্থা ও বাজারের ভারসাম্য বিঘ্নিত হতে পারে। তবে বেইজিং বরাবরই এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।
গুও জিয়াকুন বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের উচিত দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে হওয়া গুরুত্বপূর্ণ সমঝোতাগুলো কার্যকরভাবে বাস্তবায়নে একসঙ্গে কাজ করা। পাশাপাশি চীন-যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের স্থিতিশীল অগ্রগতি বজায় রাখতে হবে।
প্রসঙ্গত, ২০২৫ সালের অক্টোবরে চীনের প্রেসিডেন্ট সি চিনপিং এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের চলমান বাণিজ্যযুদ্ধ সাময়িকভাবে স্থগিত রাখতে একটি সমঝোতায় পৌঁছান। তবে ওই সমঝোতার মেয়াদ আগামী জানুয়ারিতে শেষ হওয়ার কথা রয়েছে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24