
বঙ্গোপসাগরের বিপুল সম্পদ কাজে লাগিয়ে সুনীল অর্থনীতিকে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম প্রধান চালিকাশক্তিতে পরিণত করতে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও সমন্বিত সামুদ্রিক নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা জরুরি।
সামুদ্রিক অঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ডের বিস্তার, সম্পদ আহরণ ও বিনিয়োগের সুযোগ বাড়ার সঙ্গে সঙ্গে জাতীয় স্বার্থ সুরক্ষা, সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবহার এবং দেশি-বিদেশি বিনিয়োগের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সামুদ্রিক নিরাপত্তার গুরুত্ব ক্রমেই বাড়ছে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিটাইম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের (বিমরাড) মহাপরিচালক কমোডর (অব.) সৈয়দ মিসবাহ উদ্দিন আহমেদ বাসসকে বলেন, ‘সামুদ্রিক নিরাপত্তা কেবল আইনশৃঙ্খলা রক্ষার বিষয় নয়; বরং সুনীল অর্থনীতির টেকসই বিকাশের অন্যতম মৌলিক পূর্বশর্ত।’
তিনি বলেন, কার্যকর সামুদ্রিক নজরদারি, অপরাধ প্রতিরোধ এবং সামুদ্রিক পরিবেশ সুরক্ষা নিশ্চিত করা গেলে বিনিয়োগকারীদের আস্থা বাড়বে। একই সঙ্গে মৎস্যসম্পদ, সামুদ্রিক পরিবহন ও সমুদ্রনির্ভর অন্যান্য শিল্পের বিকাশ ত্বরান্বিত হবে।
তবে অবৈধ মাছ শিকার, সামুদ্রিক দূষণ ও আন্তঃদেশীয় অপরাধ বাংলাদেশের দীর্ঘমেয়াদি সামুদ্রিক অর্থনৈতিক স্বার্থের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এসব চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ নৌবাহিনী, কোস্ট গার্ড, মৎস্য অধিদপ্তর ও সংশ্লিষ্ট বন্দর কর্তৃপক্ষের মধ্যে সমন্বিত নজরদারি, গোয়েন্দা তথ্য বিনিময় এবং যৌথ অভিযান জোরদার করার ওপর গুরুত্ব দেন তিনি।
সামুদ্রিক ব্যবস্থাপনায় প্রাতিষ্ঠানিক সমন্বয় বাড়াতে সামুদ্রিক বিষয়াবলির জন্য পৃথক মন্ত্রণালয় গঠন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর প্রতিনিধিদের নিয়ে কার্যকর আন্তঃসংস্থা সমন্বয় কমিটি প্রতিষ্ঠার প্রস্তাব দেন কমোডর (অব.) সৈয়দ মিসবাহ উদ্দিন।
তিনি বলেন, রাডার, স্বয়ংক্রিয় জাহাজ শনাক্তকরণ ব্যবস্থা (এআইএস), স্যাটেলাইটভিত্তিক পর্যবেক্ষণ, ড্রোন ও গোয়েন্দা তথ্যের সমন্বিত ব্যবহারের মাধ্যমে সামুদ্রিক এলাকায় সার্বক্ষণিক পরিস্থিতি সম্পর্কে সচেতনতা বা ‘মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস’ (এমডিএ) বাড়াতে হবে। এতে সম্ভাব্য হুমকি দ্রুত শনাক্ত ও মোকাবিলা করা সম্ভব হবে।
এ ধরনের প্রযুক্তিগত সক্ষমতা জলদস্যুতা, মাদক ও অস্ত্র চোরাচালান, মানব পাচার এবং অবৈধ মাছ শিকার প্রতিরোধের পাশাপাশি সমুদ্রে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম আরও কার্যকর করতে সহায়তা করবে বলে তিনি উল্লেখ করেন।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ড্রোন, আধুনিক টহল জাহাজ, উন্নত যোগাযোগব্যবস্থা ও সমন্বিত সামুদ্রিক নজরদারি প্রযুক্তির ব্যবহার এ বাহিনীর কার্যক্রমের সক্ষমতা বাড়ানোর নতুন সুযোগ তৈরি করছে।
তিনি বলেন, বিস্তৃত উপকূলীয় এলাকা, দুর্গম চরাঞ্চল ও সামুদ্রিক অঞ্চলে প্রচলিত টহলের মাধ্যমে দিন-রাত সার্বক্ষণিক নজরদারি বজায় রাখা বড় চ্যালেঞ্জ। এর পাশাপাশি প্রতিকূল আবহাওয়া ও উত্তাল সমুদ্রে অভিযান পরিচালনা করে জলদস্যুতা, বনদস্যুতা, মানব পাচার এবং মাদক চোরাচালান মোকাবিলা করতে হয়।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় জলসীমা, নদ-নদী ও সুন্দরবনে গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান এবং টহল জোরদার করেছে। এসব অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য, আগ্নেয়াস্ত্র, অবৈধ মাছ ধরার সরঞ্জাম ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।
গত ১৪ নভেম্বর টেকনাফের নাফ নদী থেকে ২০ কোটি ৫০ লাখ টাকা মূল্যের চার লাখ ১০ হাজার ইয়াবা জব্দ করে কোস্ট গার্ড। এর আগে একই এলাকা থেকে আরও ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
গত ২৩ নভেম্বর ‘অপারেশন কোরাল আইল্যান্ড’-এর আওতায় সেন্টমার্টিন দ্বীপের প্রায় ২০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে অভিযান চালিয়ে ১০১ জন জেলেকে আটক করে কোস্ট গার্ড। এ সময় পাঁচটি অবৈধ মাছ ধরার ট্রলার, ২৮টি জাল এবং ১৩ হাজার ২০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়।
এ ছাড়া উপকূলীয় পথে পাচারের সময় পৃথক অভিযানে বিদেশি মদ, গাঁজা, সার ও সিমেন্ট জব্দ করেছে বাহিনীটি।
সুন্দরবনে জলদস্যুতা দমনে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এর আওতায় অভিযান জোরদার করা হয়েছে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ নভেম্বর পর্যন্ত এসব অভিযানে ৪৩ জন জলদস্যুকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন দস্যু বাহিনীর ৬৪ সদস্য আত্মসমর্পণ করেছে এবং ৮২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ছাড়া দস্যু দলের সদস্যরা আরও ৪৮টি আগ্নেয়াস্ত্র জমা দিয়েছে।
এ সময়ে জলদস্যুদের হাতে জিম্মি থাকা ৬৩ জন জেলে, দুজন পর্যটক ও একজন রিসোর্ট মালিককে উদ্ধার করেছে কোস্ট গার্ড।
গত ১৭ নভেম্বর সুন্দরবনে পৃথক অভিযানে ১০টি একনলা বন্দুক, দুটি এয়ারগান, দুটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, বন্দুকের নল, গুলি ও ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়।
বিশেষজ্ঞদের মতে, সামুদ্রিক মৎস্যসম্পদ, সমুদ্রবন্দর, নৌপরিবহন, জাহাজ নির্মাণ, পর্যটন এবং সমুদ্রভিত্তিক জ্বালানি খাতের বিকাশ অনেকাংশেই নিরাপদ ও স্থিতিশীল সামুদ্রিক পরিবেশের ওপর নির্ভরশীল।
এ প্রেক্ষাপটে কার্যকর সামুদ্রিক নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলতে আধুনিক অফশোর টহল জাহাজ, উন্নত রাডার ব্যবস্থা, ড্রোন, স্যাটেলাইটভিত্তিক নজরদারি, দক্ষ জনবল ও আঞ্চলিক সহযোগিতা জোরদার করা প্রয়োজন।
বঙ্গোপসাগরের বিপুল সম্ভাবনাকে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সমৃদ্ধিতে রূপ দিতে সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করা, পরিবেশ সুরক্ষা, সম্পদের টেকসই ব্যবহার এবং বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন সংশ্লিষ্টরা।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24