আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে মতবিনিময় সভার আয়োজন করেছেন নোবেলজয়ী বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো। রাজধানী কারাকাসের কাছের একটি বিশাল শ্রমজীবী এলাকায় নির্বাচনের সময় সম্পর্কে জানতে চাইলে বাসিন্দারা উচ্ছ্বাসের সঙ্গে সমস্বরে বলেন, ‘আগামীকাল, আগামীকাল।’ অর্থাৎ তারা চান, যত দ্রুত সম্ভব দেশে নির্বাচন অনুষ্ঠিত হোক।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
দেশজুড়ে এবং বিদেশে বসবাসরত ভেনেজুয়েলার নাগরিকদের কাছ থেকে গণতান্ত্রিক সংস্কারের বিষয়ে প্রস্তাব সংগ্রহ করাই এ উদ্যোগের লক্ষ্য। যুক্তরাষ্ট্রের অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার ১১ মাস পর এ উদ্যোগ নিয়েছেন মাচাদো।
তার দলের পক্ষ থেকে জানানো হয়েছে, কয়েক মাস ধরে চলা এ পরামর্শ কার্যক্রমে ১০ লাখের বেশি মানুষ অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
গত অক্টোবরে নির্বাসন থেকে দেশে ফেরেন মাচাদো। তবে যুক্তরাষ্ট্র-সমর্থিত অন্তর্বর্তী সরকার ও বিরোধী দলগুলোর একটি অংশের সঙ্গে চলমান ক্ষমতা হস্তান্তর বিষয়ক আলোচনায় তাকে অন্তর্ভুক্ত করা হয়নি।
এরপরও সাধারণ মানুষকে এ উদ্যোগে অংশ নিতে উৎসাহিত করতে কারাকাসের কাছের পেতারেসহ তিনটি শ্রমজীবী এলাকায় যান তিনি। সেখানে ছোট ছোট জনসমাগমে মানুষের সঙ্গে মিশে কথা বলেন।
মাচাদো সেখানে পৌঁছালে মানুষ ‘স্বাধীনতা’ স্লোগানে তাকে স্বাগত জানায়। অনেকে তাকে জড়িয়ে ধরেন, চুম্বন করেন। কেউ আবেগে কেঁদে ফেলেন, আবার কারও কণ্ঠ আবেগে কেঁপে ওঠে। সবাই তার সঙ্গে ছবি তুলতে চান।
কাম্পো-রিকো এলাকার একটি ছোট বারান্দায় প্রায় ৩০ জন মানুষ বড় একটি কম্পিউটার পর্দার সামনে জড়ো হন। সেখানে মাচাদোর দলের তৈরি ‘পুন্তো দে আকুয়েরদো’ (সমঝোতার জায়গা) নামের অনলাইন প্ল্যাটফর্মে প্রায় ২০টি প্রশ্নের উত্তর দেন তারা।
প্রশ্নগুলোতে বিচারব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, মজুরি ও পেনশন, সরকারি ও বেসরকারি খাতের ভূমিকা এবং বিশেষ করে নির্বাচনের বিষয় উঠে আসে।
অংশগ্রহণকারীরা একমত হন, ২০২৭ সালের প্রথমার্ধেই নির্বাচন হওয়া উচিত। তবে মাদুরোর উত্তরসূরি অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ভোট আয়োজনের প্রতিশ্রুতি দিলেও এ বিষয়ে সময়ক্ষেপণ করছেন বলে মনে করা হচ্ছে।
২০২৪ সালের ভেনেজুয়েলার নির্বাচনে বিরোধী দল প্রায় ৮০ শতাংশ ভোটকেন্দ্রের ফলাফলপত্র সংগ্রহ করেছিল। এসব ফলাফলপত্রে তাদের প্রার্থী বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন বলে দেখা যায়।
তবে সাইবার হামলার অজুহাত দেখিয়ে সরকার কখনোই নির্বাচনের বিস্তারিত ফলাফল প্রকাশ করেনি।
সামাজিক আন্দোলনকর্মী জোনাতান মোলানো মাচাদোকে বলেন, ‘এখানকার মানুষ ভোটের ফলাফলপত্র সংগ্রহ করেছিলেন। তারাও নাগরিক সমাবেশের অংশ। এখন তারা ভবিষ্যতের দেশ কীভাবে গড়ে তোলা যায়, তা নিয়ে আলোচনা করছেন। আপনি যে সরকারের নেতৃত্ব দেবেন, তার জন্য বিভিন্ন ধারণা ও প্রস্তাব নিয়ে তারা মতবিনিময় করছেন।’
সংকট মোকাবিলায় উদ্যোগ
এক মাস আগে নির্বাসন থেকে দেশে ফেরার পর মাচাদো তার সমর্থকদের সংগঠিত করার পাশাপাশি নিজ দলের বাইরের মানুষকেও ঐক্যবদ্ধ করার উদ্যোগ নিয়েছেন।
বুধবার শিক্ষার্থীদের সঙ্গে এক সভায় তিনি প্রতিশ্রুতি দেন, রাজনৈতিক ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় থাকবে ‘ক্ষোভ ছাড়াই সত্য এবং প্রতিশোধ ছাড়াই বিচার’।
মাচাদো বলেন, ‘পুন্তো দে আকুয়েরদো’ কর্মসূচির লক্ষ্য হলো একই পরিকল্পনার আওতায় ‘সব ভেনেজুয়েলানকে’ ঐক্যবদ্ধ করা।
পশ্চিম কারাকাসের শ্রমজীবী এলাকা লা ভেগায় একটি নাগরিক সমাবেশে অংশ নিয়ে তিনি বলেন, ‘এটি একটি ঐতিহাসিক উদ্যোগ। এটি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের বাস্তব উদাহরণ। নতুন প্রজাতন্ত্রের ভিত্তি তৈরি হবে এই উদ্যোগের মধ্য দিয়েই।’
দেশটির চলমান সংকটের কথা তুলে ধরে মাচাদো বলেন, ‘আমাদের শিশুদের যে সংকটের মধ্য দিয়ে যেতে হচ্ছে, তা মোকাবিলা করতে হবে। প্রায় ৪০ লাখ শিশু স্কুলে যায় না। তাই না? অবসরপ্রাপ্ত ব্যক্তিরা মাসে মাত্র এক ডলার পেনশন পান, যা দিয়ে তারা ওষুধও কিনতে পারেন না।’
তিনি আরও বলেন, ‘১০ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না। আর কত? আমাদের এই জরুরি পরিস্থিতি মোকাবিলা করতে হবে। মানুষের যত্ন নেওয়ার মধ্য দিয়ে দেশকে আবার সচল করে তুলতে হবে।’
‘পুন্তো দে আকুয়েরদো’ প্ল্যাটফর্মের মহাপরিচালক ফাবিও ভ্যালেন্তিনি বলেন, ‘এখানে যে মতামত ও প্রস্তাব সংগ্রহ করা হচ্ছে, তা নিঃসন্দেহে মারিয়া কোরিনার সরকারের কর্মসূচি প্রণয়নে ভূমিকা রাখবে। এ পর্যায়ে আমরা মানুষের কাছে যে বিষয়গুলো জানতে চাইছি, সেগুলো হলো প্রজাতন্ত্রের ভিত্তি নির্ধারণকারী সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতিমালা।’
২০ বছর বয়সী স্থাপত্যের শিক্ষার্থী হোর্হে পুলিদো শ্রমজীবী এলাকা আন্তিমানোর একটি বাড়ির ছাদে মাচাদোর সঙ্গে দেখা করে গভীর আবেগাপ্লুত হন। প্রশ্নমালাটি নিয়েও তিনি সন্তোষ প্রকাশ করেন।
তিনি বলেন, ‘আমার মনে হয়, এতে পুরো দেশের বিষয়গুলো খুব ভালোভাবে উঠে এসেছে। সব নাগরিকই এতে অংশ নিচ্ছেন। আমরা সবাই যেন একটি পরিবারের সদস্য। এ প্রক্রিয়াকে এগিয়ে নিতে এখন আগের যেকোনো সময়ের চেয়ে আমাদের নেতা মারিয়া কোরিনার সমর্থন বেশি প্রয়োজন।’
পুলিদো বলেন, তার জন্ম ২০০৬ সালে। জীবনের পুরোটা সময় তিনি ‘চাভিস্তা সরকারের’ কারণে সৃষ্ট বিপর্যয় দেখেই বড় হয়েছেন।
এর কিছুক্ষণ পর মাচাদোর বুকে মাথা রেখে কান্নায় ভেঙে পড়েন ৬৬ বছর বয়সী অবসরপ্রাপ্ত কর্মী এদুয়ার্দো আউলার। মাসে মাত্র ২৬০ বলিভার বা ২৫ মার্কিন সেন্ট পেনশন পান তিনি।
আউলার এএফপিকে বলেন, ‘আমি সারা জীবন গণতন্ত্রের পক্ষে ছিলাম। আমার পূর্বপুরুষ, দাদা-দাদির সময় থেকেই আমাদের পরিবার এ আদর্শে বিশ্বাসী। আমাদের পূর্ণাঙ্গ গণতন্ত্র প্রয়োজন। মাচাদো গণতন্ত্রের প্রতীক।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24