নিজস্ব প্রতিবেদক: জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইমামকে মিম্বর থেকে টেনেহিঁচড়ে নামানো, মুসল্লিদের ওপর হামলা, চুরি ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে মসজিদটির সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের আদালত এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
এ মামলায় ৫ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির সিরিয়াস ক্রাইম (টিএইচবি) শাখার পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
এর আগে গত ১৮ নভেম্বর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে মুফতি রুহুল আমিনকে আটক করে ভাটারা থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়। পরদিন আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর এক প্রবাস ফেরত ব্যবসায়ী জুমার নামাজ আদায়ের জন্য বায়তুল মোকাররম মসজিদের নিচতলায় উপস্থিত হন। দুপুর সাড়ে ১২টার দিকে ইসলামী ফাউন্ডেশন কর্তৃক নির্ধারিত দায়িত্বপ্রাপ্ত ইমাম ড. মুফতি আবু সালেহ পাটোয়ারী খুতবা পাঠ করছিলেন। এ সময় মুফতি রুহুল আমিন অন্যান্য আসামিদের নিয়ে মসজিদে প্রবেশ করে দায়িত্বপ্রাপ্ত ইমামকে মিম্বার থেকে টেনেহিঁচড়ে আঘাত করে নিচে নামান এবং হাত থেকে মাইক কেড়ে নেন।
উপস্থিত মুসল্লিরা বাধা দিলে রুহুল আমিনের নির্দেশে আরেক আসামি হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে বাদীর ডান চোখে আঘাত করেন। এতে তার চোখের নিচে গুরুতর রক্তাক্ত জখম হয় এবং তিনি ডান চোখের দৃষ্টিশক্তি হারান। এ ছাড়া আসামিরা বাদীর শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে জখম করে এবং পকেটে থাকা ৩০ হাজার টাকা নিয়ে যায়। ওই ঘটনায় বাদীসহ ৫০ থেকে ৬০ জন মুসল্লি গুরুতর আহত হন এবং মসজিদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার গহরডাঙ্গা এলাকার বাসিন্দা মুফতি রুহুল আমিন ২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। এর প্রায় ছয় সপ্তাহ পর ২০ সেপ্টেম্বর অনুসারীদের নিয়ে বায়তুল মোকাররমে গেলে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার দুই দিন পর, ২২ সেপ্টেম্বর ধর্মবিষয়ক মন্ত্রণালয় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাকে খতিবের পদ থেকে অপসারণ করে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24