
শুধু কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) স্থাপন করলেই দেশের চামড়া শিল্পের সব সমস্যার সমাধান হবে না। এ শিল্পের টেকসই উন্নয়নে পরিবেশবান্ধব উৎপাদন, বর্জ্য ব্যবস্থাপনা, কাঁচা চামড়ার যথাযথ সংরক্ষণ, বাজার সম্প্রসারণ ও নীতিগত সহায়তাসহ সব ক্ষেত্রে সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন লেদার ফাউন্ডেশন অব বাংলাদেশের (এলএফবি) সভাপতি সাদাত হোসেন সেলিম।
শনিবার জাতীয় প্রেসক্লাবে লেদার ফাউন্ডেশন অব বাংলাদেশের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সাদাত হোসেন সেলিম বলেন, চামড়া শিল্পের পরিবেশগত উন্নয়নে সিইটিপি গুরুত্বপূর্ণ হলেও এটিকে সব সমস্যার একমাত্র সমাধান হিসেবে দেখার সুযোগ নেই। সিইটিপিই যদি একমাত্র সমাধান হতো, তাহলে চামড়ার স্যুট ও জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে নানা অনিশ্চয়তার মুখে পড়তে হতো না। যারা বাস্তবে এ শিল্পকে টিকিয়ে রেখেছেন, সেই উদ্যোক্তা ও ব্যবসায়ীদের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে কার্যকর সরকারি সহায়তা নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে দেশের চামড়া শিল্পের টেকসই উন্নয়ন, দক্ষ জনবল তৈরি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে ১৩ দফা কৌশলগত প্রস্তাব তুলে ধরা হয়।
সভাপতির বক্তব্যে সাদাত হোসেন সেলিম বলেন, বাংলাদেশের অর্থনীতি, রপ্তানি আয়, কর্মসংস্থান এবং ধর্মীয় ও সামাজিক জীবনের সঙ্গে চামড়া শিল্প গভীরভাবে সম্পৃক্ত। এ শিল্পের উন্নয়নে কোনো একটি নির্দিষ্ট সমস্যা বা প্রযুক্তিগত সমাধানের ওপর নির্ভর করলে চলবে না। পরিবেশবান্ধব উৎপাদন, বর্জ্য ব্যবস্থাপনা, কাঁচা চামড়ার যথাযথ সংরক্ষণ, বাজার সম্প্রসারণ ও নীতিগত সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে সংগঠনের মহাসচিব ও প্রতিষ্ঠাতা এম মুফাজ্জল ইবনে মাহফুজ বলেন, চামড়া শিল্পের উন্নয়নে সংশ্লিষ্ট সব খাত, বাণিজ্য সংগঠন, উদ্যোক্তা ও কারিগরি প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলা প্রয়োজন।
আধুনিক প্রযুক্তির ব্যবহার, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নীতিগত সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে ফাউন্ডেশনটি পরিকল্পিতভাবে কাজ করবে।
মূল প্রবন্ধে সংগঠনের যুগ্ম মহাসচিব প্রকৌশলী এ ফাত্তাহ আল মঞ্জুর আফিক বলেন, দেশে বিপুলসংখ্যক কর্মক্ষম ও পরিশ্রমী জনশক্তি থাকা সত্ত্বেও দক্ষ মধ্যম সারির কর্মীর অভাব, আধুনিক প্রযুক্তির ঘাটতি এবং লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) মান অর্জনে জটিলতার কারণে এ খাত আন্তর্জাতিক বাজারে কাক্সিক্ষত অবস্থান তৈরি করতে পারছে না।
তিনি জানান, এ সংকট মোকাবিলায় সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট, ১৮৬০-এর অধীনে নিবন্ধিত এলএফবি দীর্ঘমেয়াদি কর্মসূচি বাস্তবায়ন করবে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে এলএফবি ইনস্টিটিউট, গবেষণা ও উদ্ভাবন কেন্দ্র, নীতি ও অ্যাডভোকেসি কাউন্সিল, শিল্প পরামর্শক সেবা, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) এবং উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রম। পাশাপাশি সামাজিক কল্যাণ ও টেকসই উন্নয়ন কর্মসূচিও বাস্তবায়ন করা হবে।
ফাউন্ডেশনের প্রথম বছরে এক হাজার কর্মীর দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ, ৩০টি কারখানাকে ‘মডেল গ্রিন ফ্যাক্টরিতে’ রূপান্তর এবং শ্রমিকদের সন্তানদের জন্য শিক্ষা সহায়তা বৃত্তি চালুর ঘোষণা দেওয়া হয়। এ ছাড়া বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংযোগ বাড়াতে বিভিন্ন বিদেশি সংস্থা ও প্রতিনিধিদের সঙ্গে কার্যকর সহযোগিতা গড়ে তোলার পরিকল্পনার কথাও জানানো হয়।
চামড়া শিল্পের সংকট নিরসনে ফাউন্ডেশনের ১৩ দফা প্রস্তাবের মধ্যে রয়েছে স্বতন্ত্র চামড়া মন্ত্রণালয় অথবা শক্তিশালী ‘লেদার বোর্ড’ গঠন, ক্ষতিগ্রস্ত ও বন্ধ কারখানা চালুর জন্য পাঁচ হাজার কোটি টাকার বিশেষ তহবিল বরাদ্দ, সাভারের সিইটিপি আধুনিকায়ন এবং নতুন দুটি সিইটিপি নির্মাণ। এ ছাড়া দেশে দুটি বিশেষায়িত লেদার গুডস ও ফুটওয়্যার শিল্পপার্ক স্থাপনের প্রস্তাব করা হয়েছে।
অন্যান্য প্রস্তাবের মধ্যে রয়েছে চার থেকে পাঁচটি নতুন চামড়া শিল্পাঞ্চল প্রতিষ্ঠা, পূর্ণাঙ্গ লেদার ও ফুটওয়্যার বিশ্ববিদ্যালয় স্থাপন এবং সারা দেশে ১০ থেকে ১৫টি সরকারি কাঁচা চামড়া সংরক্ষণ কেন্দ্র ও হিমাগার নির্মাণ।
সরকারি বিভিন্ন বাহিনীর জুতা ও আনুষ্ঠানিক পোশাকে দেশীয় চামড়া এবং চামড়াজাত পণ্যের ব্যবহার বাধ্যতামূলক করার প্রস্তাবও রয়েছে।
সংগঠনের সভাপতি বলেন, এসব প্রস্তাব বাস্তবায়ন করা গেলে দেশের চামড়া শিল্পের বিদ্যমান সংকট কাটিয়ে উৎপাদন সক্ষমতা বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করা সম্ভব হবে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24