
রাজশাহীকে শান্তিপূর্ণ, পরিচ্ছন্ন ও সবুজ মহানগর হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
তিনি বলেছেন, দেশের চিন্তা-চেতনা ও সুরক্ষায় রাজশাহীর সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছে। এই ঐক্য ধরে রেখে মহানগরীর সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে হবে।
গতকাল রাতে নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে তাফসিরুল কুরআন ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বক্তব্যের শুরুতে বাংলাদেশ সরকার ও রাজশাহীবাসীর পক্ষ থেকে মাহফিলে উপস্থিত সংসদ সদস্য, জনপ্রতিনিধি, ওলামায়ে মাশায়েখ, বিশিষ্ট চিন্তাবিদ ও ধর্মপ্রাণ মুসল্লিদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানান ভূমিমন্ত্রী।
তিনি বলেন, এই মাহফিলের মধ্য দিয়ে মহান আল্লাহ তাআলা মানুষের পারস্পরিক মিলন ও বন্ধনকে আরও সুদৃঢ় করেছেন।
মাহফিলের প্রধান মুফাসসির ড. মিজানুর রহমান আজহারীর উপস্থিতিকে রাজশাহীবাসী ও দেশের মুসলমানদের জন্য সৌভাগ্যের বিষয় উল্লেখ করে ভূমিমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী ইসলামী চিন্তাবিদ ও স্কলার হিসেবে তার বক্তব্য মানুষের চেতনাকে জাগ্রত করছে।
এ সময় সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে তিনি বলেন, তাঁর জানাজায় খাটিয়া ধরেছিলেন মিজানুর রহমান আজহারী। এটি দেশের ইতিহাসে এক ঐতিহাসিক ঘটনা হয়ে থাকবে।
বক্তব্যে স্বৈরাচারবিরোধী আন্দোলনের স্মৃতিচারণ করেন ভূমিমন্ত্রী। একই সঙ্গে প্রয়াত সহযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।
সাবেক সংসদ সদস্য ও আন্তর্জাতিকভাবে প্রখ্যাত আলেম মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর রুহের মাগফিরাত কামনা করে মিজানুর রহমান মিনু বলেন, এই মাঠেই সাঈদী সাহেব বলেছিলেন, ৫০০ বছর বেঁচে থাকার চেয়ে বাঘের মতো কয়েক ঘণ্টা বেঁচে থাকাই শ্রেয়। এটি ইসলাম ও প্রতিবাদের শিক্ষারই বহিঃপ্রকাশ।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে ড. মিজানুর রহমান আজহারী রাজশাহীর পরিচ্ছন্নতাসহ সার্বিক বিষয়ের প্রশংসা করেন।
তিনি বলেন, রাজশাহী থেকে বাকি ৬৩ জেলার শিক্ষা নেওয়ার আছে। এই শহর ক্লিন ও গ্রিন।
এ সময় দেশকে এগিয়ে নিতে সমগ্র মুসলিম ও বাঙালি জাতিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য ডা. আব্দুল বারী, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল ও রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ।
অধ্যাপক ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে তাফসির মাহফিলে রাজশাহীসহ আশপাশের বিভিন্ন জেলার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
মাহফিল উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24