বাংলাদেশের আর্থিক খাত একটি ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে। গত মার্চ মাসে রেমিট্যান্স প্রবাহ রেকর্ড ৩ দশমিক ৭৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ।
আজ বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্যানুযায়ী, ২০২৬ সালের মার্চের এই অর্জন আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এর আগে ২০২৫ সালের মার্চে সর্বোচ্চ ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলারের রেকর্ড হয়েছিল।
এ বছরের মার্চে বৈশ্বিক রেমিট্যান্স প্রবাহ ৩ দশমিক ৭৫ বিলিয়ন ডলারে পৌঁছে নতুন উচ্চতা স্পর্শ করেছে, যা ২০২৫ সালের মার্চের ৩ দশমিক ২৯ বিলিয়ন এবং ২০২৫ সালের ডিসেম্বরের ৩ দশমিক ২২ বিলিয়ন ডলারের পূর্ববর্তী রেকর্ড ছাড়িয়ে গেছে।
এই অভূতপূর্ব প্রবৃদ্ধি একটি বৃহত্তর স্থিতিশীলতা ও প্রবৃদ্ধির ধারার প্রতিফলন, যা ২০২৪ সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে গতি পায়।
আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের আগস্ট থেকে জাতীয় অর্থনীতিতে রেমিট্যান্স প্রবাহের একটি ধারাবাহিক ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। প্রবাসী বাংলাদেশি কর্মীদের প্রধান কেন্দ্র মধ্যপ্রাচ্যের কিছু অঞ্চলে চলমান অস্থিরতা ও ভূরাজনৈতিক অনিশ্চয়তা থাকা সত্ত্বেও সাম্প্রতিক মাসগুলোতে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য স্থিতিস্থাপকতা প্রদর্শন করেছে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, বিভিন্ন কৌশলগত নীতিমালা ও কঠোর তদারকির ফলে প্রাতিষ্ঠানিক চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।
বাংলাদেশ ব্যাংক দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে বৈধ আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে বৈদেশিক আয় দেশে আনার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।