ধর্ম ডেস্ক:৪০ দিনের নিষেধাজ্ঞার পর অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণ ফিলিস্তিনি মুসল্লিদের জন্য আবার খুলে দিয়েছে ইসরায়েল। আলজাজিরার যাচাই করা একটি ভিডিওতে দেখা গেছে, বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোরে ফিলিস্তিনিরা মসজিদের ফটক দিয়ে দলে দলে প্রবেশ করছেন। প্রায় তিন হাজার মুসল্লি সকালের নামাজে অংশ নেন।
ভোরের আলো ফোটার সাথে সাথেই শত শত ফিলিস্তিনি ফজরের নামাজ আদায়ের জন্য আল-আকসা মসজিদে সমবেত হতে শুরু করেন।
ইরান ও ইসরায়েল-আমেরিকার মধ্যকার যুদ্ধের প্রেক্ষাপটে জনসমাগম এড়ানো এবং ‘সতর্কতামূলক ব্যবস্থা’র অজুহাতে গত ২৮ ফেব্রুয়ারি থেকে দখলদার ইসরায়েলি কর্তৃপক্ষ আল-আকসা মসজিদ ও চার্চ অব দ্য হলি সেপালকার বন্ধ করে দিয়েছিল।
ইরানের সঙ্গে ইসরায়েল-আমেরিকার যুদ্ধ শুরুর পর নিরাপত্তার অজুহাত দেখিয়ে আল আকসা বন্ধ করে দেয় দখলদার বাহিনী।
১৯৬৭ সালে জেরুজালেম দখলের পর এই প্রথম অবৈধভাবে আল আকসায় রমজানের শেষ দশকের ইতিকাফ ও ঈদুল ফিতরের নামাজ বন্ধ রেখেছিল দখলদার বাহিনী।
ইরান ও আমেরিকা-ইসরায়েলের যুদ্ধ বিরতি চুক্তির পর কঠোর বিধি-নিষেধ দিয়ে খুলে দেওয়া হয়েছে মুসলমানদের তৃতীয় পবিত্র ধর্মীয় স্থান মসজিদুল আকসা।
ছয় সপ্তাহ জুড়ে জেরুজালেম শহর ও এর পবিত্র স্থানগুলোতে কঠোর বিধি-নিষেধ এবং পবিত্র স্থানগুলো ঘন ঘন বন্ধ করে দেওয়ার ঘটনা দেখা গেছে।
সূত্র : আল জাজিরা