রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় সজিনা চাষ সম্প্রসারণে ডাল চারা কাটিং রোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নের পাঁচপীর এলাকায় এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

বিশেষ এ উদ্যোগের আওতায় বসতবাড়ির আশপাশ এবং রাস্তার দুই ধারে প্রায় ৩ হাজার ৫ শত সজিনা গাছের চারা রোপণ করা হচ্ছে, যা পরিবেশ সংরক্ষণ, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন। তিনি বলেন, সজিনা একটি অত্যন্ত পুষ্টিকর ও উপকারী গাছ। এর সহজ চাষাবাদ পদ্ধতি এবং দ্রুত বৃদ্ধি গ্রামীণ মানুষের জন্য আয়ের নতুন সম্ভাবনা সৃষ্টি করতে পারে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায়ও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা রকিবুল হাসান প্রমাণিক, উপসহকারী কৃষি কর্মকর্তা গোলাম মোস্তফা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা কৃষি কর্মকর্তার কৃষিবিদ শরিফুল ইসলাম জানান, সজিনা গাছের ডাল কাটিং পদ্ধতিতে সহজেই চারা উৎপাদন সম্ভব হওয়ায় এটি দ্রুত সম্প্রসারণযোগ্য। এর পাতা, ফল ও ডাঁটা পুষ্টিগুণে ভরপুর হওয়ায় সাধারণ মানুষের খাদ্য চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এ ধরনের উদ্যোগের মাধ্যমে বীরগঞ্জে সবুজায়ন বৃদ্ধি, পুষ্টি ঘাটতি পূরণ এবং কৃষকদের আর্থিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করা হয়।