সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক, সাবেক মন্ত্রী ও সুপ্রিম কোর্ট বারের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
আজ এক শোকবার্তায় প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, গুণগ্রাহী ও রাজনৈতিক সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় ইয়াসের খান চৌধুরী বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসের অন্যতম উজ্জ্বল নক্ষত্র। জাতীয় সংসদের স্পিকার হিসেবে অত্যন্ত নিরপেক্ষতা ও দক্ষতার সঙ্গে সংসদ পরিচালনায় তাঁর অনন্য ভূমিকা এদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। আইনের শাসন প্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা এবং দেশের আইনি অঙ্গনকে সমৃদ্ধ করতে একজন শীর্ষস্থানীয় আইনজীবী হিসেবে তাঁর মেধা ও অবদান অনস্বীকার্য।
প্রতিমন্ত্রী আরও বলেন, দেশ ও জনগণের কল্যাণে এবং গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রাখতে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আমৃত্যু কাজ করে গেছেন। তাঁর মতো একজন অভিজ্ঞ, প্রাজ্ঞ এবং সর্বজনশ্রদ্ধেয় রাজনীতিবিদের চলে যাওয়া দেশের রাজনৈতিক ও আইনি অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর এই অভাব সহজে পূরণ হবার নয়।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 

























