ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার অদম্য লড়াইয়ের চেতনাকে সমুন্নত রাখতে রাজশাহীতে একটি বিশেষ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে।
আজ শনিবার দুপুরে রাজশাহী কলেজ মিলনায়তনে ‘গণ-অভ্যুত্থান ২৪ ও ফ্যাসিবাদ পতনের দ্বিতীয় বর্ষপূর্তি’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। রাজশাহী গণ-অভ্যুত্থান ২৪ পরিষদ এই আলোচনা সভার আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী শহীদ আবু সাঈদ, মুগ্ধ এবং রাজশাহীর স্থানীয় শহীদ শাকিব আঞ্জুম, আলী রায়হান ও মিনারুল ইসলামসহ সব শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি বলেন, ১৯৬৯ সালে ড. জোহা যেমন ছাত্রদের বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছিলেন, তেমনি ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে আমাদের সন্তানেরা একইভাবে অকাতরে রক্ত দিয়েছে। এই মহান ত্যাগ জাতি কখনোই ভুলবে না। সেই চেতনাকে ধরে রাখতেই রাজশাহীর বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর ও ড. জোহার স্মৃতির আদলে জুলাই শহীদদের স্মরণে এই স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে।
আন্দোলনে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার বিষয়ে সরকারের অঙ্গীকার ব্যক্ত করে মন্ত্রী জানান, আহতদের উন্নত চিকিৎসার জন্য চীন সরকারের সহায়তায় একটি বিশেষায়িত হাসপাতাল স্থাপনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এছাড়া যাদের বিদেশে পাঠানো প্রয়োজন, তাদের সিঙ্গাপুর, থাইল্যান্ড বা মালয়েশিয়ায় পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
শহীদ পরিবারের সামাজিক ও আর্থিক নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, প্রতিটি শহীদ পরিবারের জন্য দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তার পরিকল্পনা করা হচ্ছে। বিশেষ করে যারা কর্মসংস্থানের সন্ধানে আছেন, তাদের চাকরির পরীক্ষায় বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে এবং তালিকা অনুযায়ী ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিশোধ বা প্রতিহিংসার রাজনীতি পরিহার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভালো ব্যবহার এবং দেশপ্রেমের মাধ্যমেই নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। অনুষ্ঠানে আলোচনা সভার আগে উপস্থিত জুলাই যোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানান মন্ত্রী।
রাজশাহী গণ-অভ্যুত্থান ২৪ পরিষদের সভাপতি মাহবুব সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ইফতিখারুল আলম মাসউদ।
সভায় বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এম রফিকুল ইসলাম, রাজশাহী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. আবুল কাশেম, জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, ড্যাবের সভাপতি ডা. ওয়াসিম হোসেন, রাজশাহী কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক মোহাম্মদ নাফিজ, রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির সদস্য সচিব মাহাফুজুল হাসনাইন এবং রাজশাহী মহানগর ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিন রায়হান রবিন। অনুষ্ঠানে আলোচনা সভার আগে উপস্থিত জুলাই যোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানান মন্ত্রী।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 






















