নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় অপরাধ প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে স্থানীয় বাসিন্দা, সুধীজন ও বিভিন্ন হাউজিং সোসাইটির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছে র্যাব-২।
ধারাবাহিক মতবিনিময় কার্যক্রমের অংশ হিসেবে অনুষ্ঠিত এই ‘টাউন হল মিটিং’-এ স্থানীয় বিভিন্ন হাউজিং সোসাইটির মালিকপক্ষ ও প্রতিনিধিরা অংশ নেন।
সভায় র্যাব-২-এর ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, অপরাধী যে-ই হোক, অপরাধের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ভূমিকা পালন করবে।
তিনি বলেন, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর একার পক্ষে অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ জন্য স্থানীয় বাসিন্দা ও হাউজিং মালিকপক্ষকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী বা অপরাধী সম্পর্কে তথ্য পাওয়া গেলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে।
র্যাবের ওই কর্মকর্তা আরও বলেন, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সাধারণ মানুষের পাশে থাকবে র্যাব। অপরাধ দমনে জনগণের সহযোগিতা ও তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে মোহাম্মদপুর ও আদাবরকে আরও নিরাপদ ও অপরাধমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা সম্ভব।
তিনি আরও বলেন, দেশের মানুষের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় র্যাব সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে। তাই সাধারণ মানুষকে র্যাবের প্রতি আস্থা ও বিশ্বাস রাখার আহ্বান জানান তিনি।
সভায় মোহাম্মদপুর ও আদাবর এলাকার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা করা হয়। আগের তুলনায় বর্তমানে এ দুই এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলেও সভায় উল্লেখ করা হয়।
সবশেষে অপরাধ প্রতিরোধে প্রশাসন, হাউজিং মালিকপক্ষ, স্থানীয় বাসিন্দা ও সচেতন নাগরিকদের একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
র্যাব-২-এর এই টাউন হল মিটিংয়ের মূল বার্তা অপরাধ দমনে প্রশাসনের পাশাপাশি জনগণের অংশগ্রহণ ও সহযোগিতাই পারে একটি নিরাপদ সমাজ গড়ে তুলতে।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 



















