বিশেষ প্রতিনিধি:
রাজধানীর গেন্ডারিয়ায় মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত গোলাগুলির ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। উদ্ধার করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর পুলিশ ফাঁড়ি থেকে লুণ্ঠিত গোলাবারুদ, ২টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য।
গতকাল বুধবার (০৯ সেপ্টেম্বর) রাতে র্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাঃ আসাদুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩০ আগস্ট রাজধানীর গেন্ডারিয়া থানাধীন করাতীটোলা এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে আশা আক্তার (২০) ও সিয়াম (১৮) নামের দুই সাধারণ পথচারী এবং আলমগীর (৩৩) নামের এক চা-দোকানি গুলিবিদ্ধ হন। ঘটনার পরপরই র্যাব-১০ (সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্প) ছায়াতদন্ত শুরু করে এবং সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করে।
অভিযানের ধারাবাহিকতায় গত ১ সেপ্টেম্বর মুন্সিরটেক এলাকা থেকে মোহাম্মদ জিসান (১৯) ও মোহাম্মদ রমজান (১৯)-কে এবং ৮ সেপ্টেম্বর মোহাম্মদ শাহীন (৩৪)-কে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে ৯ সেপ্টেম্বর পৃথক অভিযানে শাবাব হোসেন শৈকত (২৯) ও মোহাম্মদ মাহিম (১৮)-কে গ্রেপ্তার করে র্যাব। এ সময় শৈকতের কাছ থেকে ১২ রাউন্ড তাজা গুলি, ৩টি ম্যাগাজিন, ২টি বিদেশি পিস্তল এবং ৩ লাখ ১৩ হাজার টাকা মূল্যের ৪২০ পিস ইয়াবা, ৪০০ পুরিয়া হেরোইন ও ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উদ্ধার করা গোলাবারুদের মধ্যে একটি ম্যাগাজিন ও কিছু গুলি গত ৫ আগস্ট ২০২৪ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন পুলিশ কেন্দ্র থেকে লুণ্ঠিত হওয়া অস্ত্রের অংশ। গ্রেপ্তারকৃত শাবাব হোসেন শৈকত যাত্রাবাড়ী থানার তিনটি মাদক মামলার এজাহারনামীয় আসামি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে অভিযান ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 



















