ঢাকা, ২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার:
সিফাত আব্দুল্লাহর মুক্তির দাবি, দেশের অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করা, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রাজধানীর শাহবাগের শহীদ হাদী চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে রাষ্ট্রসংলাপ ফোরাম (SDF)।
শুক্রবার বিকাল ৪টা ৩০ মিনিটে অনুষ্ঠিত এ কর্মসূচিতে রাষ্ট্রসংলাপ ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রসংলাপ ফোরাম (SDF)-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শাহ্ আলম বাদশা বলেন: সিফাত আব্দুল্লাহকে অবিলম্বে মুক্তি দিতে হবে। তার গ্রেপ্তার বা আটকের বিষয়ে কোনো আইনগত অভিযোগ বা প্রক্রিয়া থাকলে তা স্বচ্ছ, নিরপেক্ষ ও ন্যায়সংগতভাবে নিষ্পত্তি করতে হবে। একজন নাগরিকের ন্যায়বিচার ও নিরাপত্তার অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তাই সিফাত আব্দুল্লাহর মুক্তির বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে তাকে মুক্তি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।
তিনি আরও বলেন: জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত সরকারকে পুনর্বিবেচনা করতে হবে। তেলের দাম পূর্বের পর্যায়ে নিয়ে আসার বিষয়টি বিবেচনা করতে হবে, কারণ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব জনজীবন ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের ওপর পড়ে। সাধারণ মানুষের ওপর বাড়তি অর্থনৈতিক চাপ সৃষ্টি করে এমন সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসতে হবে।
তিনি আরো বলেন: দেশে ধর্ষণ, গুম, খুন ও শিশুদের নিরাপত্তাহীনতার ঘটনায় সরকারকে অবশ্যই জবাবদিহি করতে হবে।
নিরাপত্তা নিশ্চিত করতে কোথায় ব্যর্থতা, কার দায়িত্বে অবহেলা এবং কেন কার্যকর ব্যবস্থা নেওয়া যাচ্ছে না তার স্পষ্ট ব্যাখ্যা জাতির সামনে দিতে হবে।
জনগণ আর শুধু প্রতিশ্রুতি নয় নিরাপত্তা, দ্রুত বিচার, কার্যকর পদক্ষেপ ও জবাবদিহিতা দেখতে চায়।
দেশের আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন: দেশে খুন-হত্যাসহ অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে জননিরাপত্তা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি ঘটাতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। এ বিষয়ে কোনো ধরনের অবহেলা কাম্য নয়।
দেশের রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি আরও বলেন: নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যেকোনো ধরনের অপতৎপরতা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে যেসব নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করতে হবে এবং দেশের শান্তি, শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তিনি সরকারের প্রতি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানো, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ, জ্বালানি তেলের মূল্য পুনর্বিবেচনা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাষ্ট্রসংলাপ ফোরাম (SDF)-এর কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মার্জিয়া খন্দকার রিমি, সহ মুখপাত্র বাবুল সরদার, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক তুহিন ফরাজী,
মানবসম্পদ বিষয়ক সম্পাদক সাকিবুল হাসান, কেন্দ্রীয় সংগঠক স্বাধীন সরকার, মোহাম্মদ আবু নোমান ও মরিয়ম খন্দকার মিষ্টি, আব্দুল আওয়াল হৃদয়, মোঃ রাহাতসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা সিফাত আব্দুল্লাহর মুক্তি, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ, জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানোর দাবি জানান।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 

























