মাধবপুর প্রতিনিধি, ফোরকান উদ্দিন রোমানঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বিভিন্ন এলাকায় ভয়াবহ পানির সংকট দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বহু স্থানে টিউবওয়েল ও সাধারণ মোটর চালু করলেও প্রয়োজনীয় পানি পাওয়া যাচ্ছে না। এতে করে সাধারণ মানুষ বিশুদ্ধ পানির অভাবে চরম দুর্ভোগে পড়েছেন।
বিশেষ করে সকাল-বিকেল পানি সংগ্রহ করতে গিয়ে নারী ও শিশুদের ভোগান্তি সবচেয়ে বেশি হচ্ছে। অনেক পরিবার রান্না-বান্না, গোসল ও দৈনন্দিন প্রয়োজনীয় কাজ ঠিকমতো করতে পারছে না। কোথাও কোথাও দূরবর্তী এলাকা থেকে পানি বহন করে আনতে বাধ্য হচ্ছেন বাসিন্দারা।
স্থানীয়রা অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরেই ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় এই সংকট দেখা দিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত কার্যকর কোনো বিকল্প ব্যবস্থা নেওয়া হয়নি।
এদিকে, দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। তারা অবিলম্বে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। গভীর নলকূপ স্থাপন, জরুরি পানি সরবরাহ এবং টেকসই পানির ব্যবস্থা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন তারা।
মানুষের মৌলিক চাহিদা নিরাপদ পানি—এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা।