নিজস্ব প্রতিবেদক: পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, গণভোটে জয়যুক্ত ‘হ্যাঁ’ শপথের প্রয়োজন নেই। ‘হ্যাঁ’ অটোমেটিক জাতীয় সংসদে বসা মাত্রই কার্যকর হবে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনার ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন শেষে সাংবাদিকদের দেওয়া বক্তব্যে তিনি এ কথা জানান।
পানিসম্পদ মন্ত্রী বলেন, একটি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। সংসদের শপথ হয়েছে, আমরা শপথ নিয়েছি। হ্যাঁ-না ভোট হয়েছে। সেখানে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়েছে। ‘হ্যাঁ’ শপথের প্রয়োজন নেই। ‘হ্যাঁ’ অটোমেটিক জাতীয় সংসদে বসা মাত্রই কার্যকর হবে।
যারা মব করছেন সেখান থেকে সরে আসাটাই উচিত জানিয়ে পানিসম্পদ মন্ত্রী বলেন, মব মানে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা। মব কালচার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাধা হতে পারে। সুতরাং মব কালচার থেকে ফিরে এসে সবাইকে দায় দায়িত্বশীল অবস্থান থেকে কাজ করতে হবে। সরকার এবং দেশকে সহযোগিতা করার জন্যই কাজ করতে হবে। কেউ যদি এর বাইরে কিছু করতে চান, সেটার দায়দায়িত্ব তাদের ওপর বর্তাবে।
এসময় জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, সাধারণ সম্পাদক শাহ্ মো: এমরান, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।