স্পোর্টস ডেস্ক: স্প্যানিশ লা লিগার ক্লাব সেভিয়া তাদের আর্জেন্টাইন কোচ মাতিয়াস আলমেইদাকে বরখাস্ত করেছে। সোমবার (২৩ মার্চ) ক্লাবটি আনুষ্ঠানিকভাবে আলমেইদার সঙ্গে চুক্তি শেষের ঘোষণা দেয়।
ক্লাব সূত্র জানায়, সর্বশেষ ভালেন্সিয়ার বিপক্ষে হারের একদিন পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত জুনে সেভিয়ার দায়িত্ব নেওয়া আলমেইদা শুরুতে টানা দুই হারে লিগ অভিযান শুরু করেছিলেন। তবে পরের ছয় ম্যাচে চারটিতে জয় আসায় কিছুটা স্বস্তি ফিরে আসে। কিন্তু এই উত্থানের পরও সেভিয়া ব্যর্থতার চক্রে আটকা পড়ে।
কেবল হারের জন্যই নয়, আলমেইদা ম্যাচ অফিসিয়ালের সঙ্গে আপত্তিকর আচরণের জন্যও শাস্তি পেয়েছেন।
বর্তমানে সেভিয়া লিগে ১৫তম স্থানে আছে। ক্লাব কর্তৃপক্ষ বলেছে, নতুন কোচ নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে এবং খুব শিগগিরই ঘোষণা করা হবে।