রাজশাহীর সীমান্ত এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)। গতকাল বুধবার রাতে এবং আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোরে এসব অভিযান পরিচালনা করা হয়। আজ বিজিবির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, গতকাল বুধবার (১ এপ্রিল ২০২৬) দিবাগত রাতে রাজশাহীর খানপুর বিওপির একটি অভিযানিক দল কাটাখালী থানাধীন খানপুর পশ্চিম পাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে এক মাদক ব্যবসায়ী তার কাছে থাকা একটি বস্তা ফেলে অন্ধকারের সুযোগে সীমান্ত পার হয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে পরিত্যক্ত অবস্থায় ফেলে যাওয়া ওই বস্তা তল্লাশি করে ৮০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
অন্য অভিযানে , আজ ভোরে ইউসুফপুর বিওপির একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট থানাধীন চকমুক্তারপুর এলাকায় অভিযান চালায়। বিজিবি সদস্যরা সেখানে একটি বাঁশ বাগানে ওৎ পেতে থাকেন। একপর্যায়ে এক মাদক কারবারি ব্যাগ হাতে বাগানের দিকে আসতে থাকলে বিজিবি তাকে ধাওয়া দেয়। কারবারি ব্যাগ ফেলে পালিয়ে গেলে তল্লাশি চালিয়ে তার ভেতর থেকে ৫১ বোতল নিষিদ্ধ ভারতীয় সিরাপ উদ্ধার করা হয়।
রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) আরও জানায়, জব্দকৃত মাদকদ্রব্যগুলো সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি জানান, সীমান্ত এলাকায় মাদকবিরোধী এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।