নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করতে এসে দলীয় নেত্রীদের তীব্র ক্ষোভের মুখে পড়েছেন কণ্ঠশিল্পী কনকচাঁপা।
শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।
এদিন মনোনয়ন ফরম সংগ্রহ করতে আসা বগুড়া জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় মহিলা দলের নির্বাহী সদস্য সুরাইয়া জেরিন রনি বলেন, কণ্ঠশিল্পী কনকচাঁপা বিএনপির কে? সে কি দল করেছে? যারা আন্দোলনে ছিলো, ১৭ বছর দলের ধার হয়ে আমরা খেটেছি।
জেরিন রনি বলেন, বগুড়ার রাজপথে, ঢাকার রাজপথে ছিলাম। ১৭ বার জেলে গিয়েছি। মহিলাদের মধ্যে সর্বোচ্চ মামলা খেয়েছি। কনকচাঁপা এতদিন কোথায় ছিল? আমাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে কেন? কনকচাঁপা কে? আমরা সুবিধাবাদীদের দেখতে চাই না। রাজপথে যারা লড়াই সংগ্রাম করেছে আমরা তাদেরকে চাই। কনকচাঁপা কয়টা মামলা খেয়েছে? কয়টা লড়াই সংগ্রামে অংশগ্রহণ করেছে?
এদিন বেবী নাজনীনসহ সাংস্কৃতিক অঙ্গনের অনেক মনোনয়নপ্রত্যাশী নয়াপল্টনে ভিড় করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য শুক্রবার থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করে বিএনপি।
উল্লেখ্য, বিএনপি এবার সংরক্ষিত আসনের মনোনয়নে বিগত আন্দোলনে ত্যাগী ও যোগ্য নেত্রীদের অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দিয়েছে। কনকচাঁপা এর আগেও ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।