সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

নেত্রকোণায় তেল ব্যবসায়ীর ১০ দিনের কারাদণ্ড

  • আপডেট টাইম : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ০ বার পঠিত

জেলা শহরের চকপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৬ ড্রাম জ্বালানি তেল বেআইনিভাবে মজুত করার অপরাধে এক ব্যবসায়ীকে ১০দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে নেত্রকোণা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামছুজ্জামান আসিফ এই অভিযান পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম বকুল। অভিযান চলাকালে একটি তেলবাহী পিকআপ ভ্যান জব্দ করা হলেও এর চালক পালিয়ে যায়।

আদালত সূত্রে জানা গেছে, রোববার রাতে একটি পিকআপ ভ্যানে করে ৬ ড্রাম জ্বালানি তেল সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় পুলিশ চেকপোস্টে আটক করে। খবর পেয়ে সদর সহকারী কমিশনার (ভূমি) মো. শামছুজ্জামান আসিফ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে ৫ ড্রাম ডিজেল ও ১ড্রাম পেট্রোল জব্দ করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি জানান, তিনি শহরের পারলা এলাকার মোনাকো ফিলিং স্টেশন থেকে প্রায় ১ লাখ টাকা মূল্যের এই তেল (৮শ’ লিটার ডিজেল ও ২শ’ লিটার পেট্রোল) কিনে ধর্মপাশায় নিয়ে যাচ্ছিলেন। তবে পরিবহনের ক্ষেত্রে তিনি কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামছুজ্জামান আসিফ বাসস’কে জানান, নেত্রকোণা মডেল থানার পুলিশ আমিরুল ইসলামের তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। তেলের বৈধ কোনো নথিপত্র না থাকায় ব্যবসায়ীকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

তিনি আরও জানান, জব্দকৃত তেল সরকারি নির্ধারিত মূল্যে পাম্পের মাধ্যমে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রির ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com