আন্তর্জাতিক ডেস্ক: চার দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। ওয়াশিংটনের স্থানীয় সময় সোমবার (২৭ এপ্রিল)তাদের বহনকারী রাজকীয় উড়োজাহাজটি অ্যান্ড্রু সামরিক ঘাঁটিতে অবতরণ করে।
সেখানে তাদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান ওয়াশিংটনে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত স্যার ক্রিস্টিয়ান টার্নার এবং হোয়াইট হাউসের প্রটোকল প্রধান মনিকা ক্রাউলি। রাজা–রানিকে লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় দুটি শিশু ফুল দিয়ে তাদের বরণ করে নেয় এবং সামরিক ব্যান্ড যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের জাতীয় সংগীত পরিবেশন করে।
এরপর তারা হোয়াইট হাউসে যান, যেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প তাদের স্বাগত জানান। সেখানে প্রথমে একটি ব্যক্তিগত চা চক্র এবং পরে একটি আনুষ্ঠানিক গার্ডেন পার্টি অনুষ্ঠিত হয়। বৈঠকগুলোতে দুই দেশের শীর্ষ পর্যায়ের সম্পর্ক, বৈশ্বিক নিরাপত্তা এবং কূটনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
২০০৭ সালের পর এটি প্রথম কোনো ব্রিটিশ রাজা হিসেবে যুক্তরাষ্ট্র সফর। ওই সময় প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ ছয় দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক আন্তর্জাতিক উত্তেজনা, বিশেষ করে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অবস্থানগত পার্থক্য এবং অভ্যন্তরীণ কিছু বিতর্কের মধ্যেও এই সফর দুই দেশের ঐতিহাসিক “বিশেষ সম্পর্ক” আরও জোরদারের একটি কূটনৈতিক প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
সফরকালে বাণিজ্য, প্রতিরক্ষা সহযোগিতা, জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক নিরাপত্তা ইস্যু বিশেষ গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। ব্রিটিশ রাজপরিবারের এই সফরকে কেন্দ্র করে ওয়াশিংটনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।