বোদা পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জে সরকারি সেলাই মেশিন পাইয়ে দেওয়ার কথা বলে টাকা দাবির অভিযোগ উঠেছে পৌর মহিলা দলের এক নেত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও কল রেকর্ড ছড়িয়ে পড়েছে, যা নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
শুক্রবার (৫ জুন) ১ মিনিট ১৭ সেকেন্ডের একটি কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
অভিযুক্ত মহিলা দল নেত্রীর নাম নিশি আক্তার বলে জানা গেছে। তিনি পৌর মহিলা দলের সদস্য সচিব পদে দায়িত্ব পালন করছেন।
ভাইরাল হওয়া অডিওতে এক নারীকে বলতে শোনা যায়, গতকাল যে বললা টাকার কথা, ওইখানে কি কিছু কমানো যাবে না ?
জবাবে অপর প্রান্ত থেকে মহিলা দল নেত্রী নিশি আক্তারকে বলতে শোনা যায়, যত কম পারা যায় ততটুকুই আমি তোমার জন্য কমাবো।
এরপর ওই নারী বলেন, আমি তো টেনশনে আছি, কি করব বুঝতেছিনা। তুমি তো ফরিদুল ভাইয়াকেও বলতে দিতেছ না।
এ সময় নিশি আক্তারকে বলতে শোনা যায়, এই যে তোমরা এক কান দুই কান করি কথাটা ভাসাইতেছ। বড়রা যেভাবে আমাদের বলছে, ওইভাবেই তো আমরা করতেছি নাকি। যাক, তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও।
কথোপকথনের এক পর্যায়ে ওই নারী বলেন, কী যে করবো, টেনশনে আছি। আমাদের যদি এগুলো থাকতো, তাহলে তো আর দৌড়াইতাম না।
পরে নিশি আক্তারকে বলতে শোনা যায়, তোমার এসএসসি পাশের সার্টিফিকেট আছে ? যদি থাকে তাহলে তোমাকে মাটি কাটার কাজের সুপারভাইজারের চাকরি নিয়ে দিব। তুমি শুধু আমার কথা মত চলবা। তোমার চাকরি নিয়ে দিব।
এ বিষয়ে অভিযুক্ত মহিলা দল নেত্রী নিশি আক্তারকে ফোন করলে তিনি বাসায় দেখা করতে বলেন।
দেবীগঞ্জ উপজেলা মহিলা দলের আহ্বায়ক লিপি আক্তার বলেন, অডিওটি আমিও শুনেছি। ভাইকে পাঠানো হয়েছে। এই বিষয়ে উনি সিদ্ধান্ত নিবেন।