জাকির ফরাজীঃমাদারীপুরের কালকিনি উপজেলায় অভিযান চালিয়ে জাল টাকা তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮)। এ সময় তার কাছ থেকে ১ লাখ ৬৪ হাজার ৭৫০ টাকা সমমূল্যের জাল নোট এবং জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
শনিবার (১৯ জুলাই) র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের চরচরমোহন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দীন ইসলাম ঢালী (৩০) নামে এক ব্যক্তিকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় আরও দুই থেকে তিনজন সহযোগী র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে জাল টাকা নিজের হেফাজতে রেখে বিভিন্ন ব্যক্তির কাছে সরবরাহ করার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে র্যাব। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ জাল নোট এবং জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
জব্দকৃত আলামতের মধ্যে রয়েছে একটি কালো রঙের প্রিন্টার, দুটি অ্যাডাপ্টার, দুটি স্কেল, জাল নোট তৈরিতে ব্যবহৃত বিশেষ রং, দুটি সাদা চিপ বোর্ড, একটি ভিভো ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং বিপুল পরিমাণ এ-ফোর সাইজের কাগজ। র্যাবের ভাষ্য, এসব সরঞ্জাম ব্যবহার করে জাল নোট তৈরি করা হতো।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তি ও তার সহযোগীরা জাল নোট উৎপাদন ও বাজারজাতের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫-ক ধারা অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পালিয়ে যাওয়া অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
র্যাব-৮-এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, জাল টাকা উৎপাদন ও সরবরাহকারী চক্রের বিরুদ্ধে র্যাবের গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24