রোকন বিশ্বাস-পাবনা প্রতিনিধিঃদীর্ঘদিন আত্মগোপনে থাকার পর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই নেতাকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পাবনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন পাবনার ভাঙ্গুড়া পৌরসভার সাবেক মেয়র, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম হাসনাইন রাসেল এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক বশির আহমেদ।
সোমবার (২০ জুলাই) রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, গোলাম হাসনাইন রাসেল ওরফে বোমা রাসেল নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পাবনা জেলা শাখার সহসভাপতি ও পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের টানা তিনবারের সাবেক সংসদ সদস্য কালা মকবুল হোসেনের ছেলে। অপরদিকে বশির আহমেদ ভাঙ্গুড়া পৌর সদরের কুমড়াডাঙ্গা এলাকার মৃত মাওলানা রিয়াজ উদ্দীনের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক ছিলেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া দুজনই ভাঙ্গুড়া থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি। মামলাটি ভাঙ্গুড়া থানার মামলা নং-০৪, তারিখ ১৩ মে ২০২৫; বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৫/৬ ধারায় দায়ের করা হয়েছে।
পাবনা জেলা গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি চৌকস দল রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে সোমবার রাতে তাদের গ্রেপ্তার করে।
পাবনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বলেন, দীর্ঘদিন আত্মগোপনে থাকা দুই আসামিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোলাম হাসনাইন রাসেল ও বশির আহমেদকে ঢাকা থেকে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে, বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24