প্রযুক্তি ডেস্ক:
ফেসবুক ব্যবহারকারীদের জন্য নতুন একটি সুবিধা চালু করেছে মেটা। এবার নির্দিষ্ট শর্ত পূরণকারী ব্যবহারকারীরা কোনো সাবস্ক্রিপশন ফি ছাড়াই ‘Facebook Verified’ ব্যাজ পেতে পারবেন। এই ব্যাজের মাধ্যমে নিশ্চিত করা হবে যে সংশ্লিষ্ট প্রোফাইলটি একজন বাস্তব ব্যক্তির।
মেটার তথ্যমতে, নতুন এই ভেরিফিকেশন পদ্ধতিতে ব্যবহারকারীকে একটি সংক্ষিপ্ত ভিডিও সেলফি ধারণ করতে হবে। এরপর সেই ভিডিওটি প্রোফাইলে থাকা ছবির সঙ্গে মিলিয়ে পরিচয় যাচাই করা হবে। সাধারণত কয়েক মিনিটের মধ্যেই প্রক্রিয়াটি সম্পন্ন হয়।
যেভাবে পাবেন বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ:
ফেসবুক অ্যাপের সর্বশেষ সংস্করণ ব্যবহার করতে হবে।
অ্যাকাউন্টধারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।
অ্যাকাউন্টটি ভালো অবস্থায় (Good Standing) থাকতে হবে এবং কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘনের ইতিহাস থাকা যাবে না।
পরিচয় নিশ্চিত করতে ভিডিও সেলফি জমা দিতে হবে।
যাচাই সফল হলে প্রোফাইলে স্বয়ংক্রিয়ভাবে ভেরিফায়েড ব্যাজ যুক্ত হবে।
তবে এই সুবিধা আপাতত ধাপে ধাপে নির্বাচিত কয়েকটি দেশে চালু হচ্ছে। পর্যায়ক্রমে বিশ্বের অন্যান্য দেশেও এটি সম্প্রসারণ করা হবে। বর্তমানে এটি শুধুমাত্র ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলের জন্য প্রযোজ্য; পেজ বা Professional Mode অ্যাকাউন্টের জন্য নয়।
মেটা জানিয়েছে, নতুন এই Facebook Verified ব্যাজের উদ্দেশ্য হলো ভুয়া ও এআই-নির্ভর নকল অ্যাকাউন্ট শনাক্ত করা সহজ করা। তবে এই ব্যাজ কোনো ব্যক্তি বা তার কার্যক্রমের প্রতি ফেসবুকের অনুমোদন বা নিশ্চয়তা নয়।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24