যুক্তরাজ্যের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে, ক্যান্সারের ওষুধের ব্যাপক বিক্রির ফলে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে তাদের নিট মুনাফা বেড়েছে।
সোমবার প্রকাশিত কোম্পানির আর্থিক প্রতিবেদনে বলা হয়, জুন পর্যন্ত তিন মাসে কর-পরবর্তী নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় দুই শতাংশের বেশি বেড়ে ২৫০ কোটি ডলারে (২.৫ বিলিয়ন ডলার) পৌঁছেছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
এ সময় কোম্পানিটির মোট রাজস্ব ছয় শতাংশ বেড়ে ১৫.৪ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। ক্যান্সার ও বিরল রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধের ধারাবাহিক উচ্চ চাহিদার কারণে এ প্রবৃদ্ধি এসেছে।
দ্বিতীয় প্রান্তিকের মুনাফা বিশ্লেষকদের পূর্বাভাস ছাড়িয়ে যাওয়ায় অ্যাস্ট্রাজেনেকা চলতি পুরো বছরের জন্য তাদের আর্থিক লক্ষ্যমাত্রা অপরিবর্তিত রেখেছে।
প্রধান নির্বাহী কর্মকর্তা প্যাসকেল সোরিও বলেন, চলতি মাসের শুরুতে একটি ওষুধের শেষ ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল ব্যর্থ হলেও ২০৩০ সালের মধ্যে ৮০ বিলিয়ন ডলার রাজস্ব অর্জনের লক্ষ্যে কোম্পানি সঠিক পথেই এগোচ্ছে।
চলতি জুলাইয়ের শুরুতে হৃদরোগের নতুন ওষুধ ওয়াইনুয়া পরীক্ষায় প্রত্যাশিত ফল অর্জন করতে না পারায় কোম্পানিটির শেয়ারের দর উল্লেখযোগ্যভাবে কমে যায়। এটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানটির জন্য বিরল এক ধাক্কা হিসেবে দেখা হয়।
সোরিও বলেন, ‘আমাদের গবেষণা ও উন্নয়নভিত্তিক ওষুধের সম্ভাবনাময় পাইপলাইনের ওপর আমরা আস্থা রাখছি। আগামী ১৮ মাসে ২০টিরও বেশি গুরুত্বপূর্ণ গবেষণার ফল প্রকাশ হওয়ার কথা রয়েছে।’
তাদের বহুল সফল ক্যান্সার ওষুধের পাশাপাশি, কোম্পানিটি ওজন কমানোর একটি ওষুধ তৈরিতেও বিনিয়োগ করে আসছে।
গত মাসে প্রকাশিত পরীক্ষার ফলাফলে দেখা গেছে, কোম্পানিটির নতুন মুখে খাওয়ার ওষুধটি (পিল) অন্যান্য জিএলপি-১ শ্রেণির মুখে খাওয়ার ওষুধের মতোই ওজন কমাতে সহায়তা করতে পারে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24