নিজস্ব প্রতিবেদক: দেশে বর্তমানে ২৩ লাখ ৯৬ হাজার ৭৫৩ টন খাদ্যশস্যের রেকর্ড মজুত রয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
তিনি জানান, সরকারি খাদ্য গুদামগুলোতে খাদ্যশস্যের এ মজুত দেশের ইতিহাসে সর্বোচ্চ, যা যেকোনো প্রাকৃতিক দুর্যোগ বা বৈশ্বিক বাজার অস্থিরতায় বাংলাদেশের সক্ষমতাকে অধিকতর সুদৃঢ় করবে।
মঙ্গলবার (২৮ জুলাই) তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সরকারের বিভিন্ন বিভাগ ও দপ্তরের গত এক সপ্তাহের অগ্রগতির চিত্র তুলে ধরতে গিয়ে তিনি এসব তথ্য জানান।
ব্রিফিংয়ে বলা হয়, নির্ধারিত নিরাপদ খাদ্য মজুতের মানদণ্ড ১৩ লাখ ৫০ হাজার টন। সেই হিসাবে বর্তমানে সরকারি গুদামগুলোতে নিরাপদ মজুতের চেয়ে প্রায় ১০ লাখ ৪৬ হাজার ৭৫৩ টন অতিরিক্ত খাদ্যশস্য রয়েছে।
গত ৩ মে থেকে শুরু হওয়া অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযানের সফল বাস্তবায়নের ফলে এ রেকর্ড মজুত গড়ে উঠেছে। গত ২৬ জুলাই পর্যন্ত সরকার মোট ৪ লাখ ৭৩ হাজার ৫ টন ধান এবং ১০ লাখ ৭৮ হাজার ৮৩৬ টন চাল সংগ্রহ করেছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ সংগ্রহ অভিযান চলবে।
রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের প্রতিযোগিতা
ব্রিফিংয়ে জানানো হয়, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বের ৮৬টি দেশের মধ্যে ১৭টি দেশকে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্কস্তরে রাখা হয়েছে। বাংলাদেশও এ তালিকায় রয়েছে।
অন্যদিকে চীন, ভিয়েতনাম ও থাইল্যান্ড সর্বোচ্চ ১২ দশমিক ৫ শতাংশ শুল্কের আওতায় পড়ায় তৈরি পোশাকসহ রপ্তানি বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
এ ছাড়া ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৬৩ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
সড়ক দুর্ঘটনা কমাতে এআইভিত্তিক গতি নিয়ন্ত্রণ
ব্রিফিংয়ে জানানো হয়, জাতিসংঘ সদর দপ্তরে বক্তব্য দেওয়ার সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও আহতের সংখ্যা ৫০ শতাংশ কমিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
সড়ক নিরাপত্তা জোরদারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা সম্প্রসারণ এবং ২০২৭ সালের মধ্যে একটি সমন্বিত নতুন সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের ঘোষণাও দেওয়া হয়েছে।
ফিফা বিশ্বকাপ সম্প্রচারে মুনাফার লক্ষ্য
তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, সরকারি রাজস্বের এক টাকাও ব্যয় না করে ফিফা বিশ্বকাপ ২০২৬ সফলভাবে সম্প্রচারের মাধ্যমে সরকারের জন্য বড় অঙ্কের মুনাফা অর্জনের লক্ষ্য পূরণ হয়েছে।
এদিকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কৃত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গ্যাস সরবরাহে সাময়িক চাপ
একটি ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে দৈনিক ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে গেছে। এতে সিএনজি ও শিল্প খাতে সাময়িক চাপ তৈরি হয়েছে। টার্মিনালটি মেরামতের কাজ চলছে বলে ব্রিফিংয়ে জানানো হয়।
পাশাপাশি বেগমগঞ্জ ও সুনামগঞ্জে নতুন তিনটি কূপ খনন এবং সমুদ্র ও স্থলভাগে নতুন গ্যাস অনুসন্ধানের জন্য দরপত্র আহ্বানের কাজও চলমান রয়েছে।
মুক্তিযোদ্ধা পরিবারের ভাতা বাড়ানো
ব্রিফিংয়ে জানানো হয়, বীর মুক্তিযোদ্ধা, শহীদ ও যুদ্ধাহত পরিবারের মাসিক সম্মানি ভাতাসহ চিকিৎসা ও উৎসব ভাতা উল্লেখযোগ্য পরিমাণে বাড়িয়েছে সরকার। এসব সুবিধা ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর ধরা হয়েছে।
এ ছাড়া সারাদেশে কৃষকদের ডেটাবেজ তৈরির পাশাপাশি ৫০৩টি ব্লকে ‘কৃষক কার্ড’ পাইলটিং কার্যক্রম জোরদার করা হয়েছে।
এসএমই খাতে ৪৪০ কোটি টাকার ঋণ
শিল্প মন্ত্রণালয়ের অধীনে এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ৪৪০ কোটি টাকার বেশি স্বল্পসুদের ঋণ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ৮ থেকে ৯ শতাংশ সুদে ঋণ বিতরণের জন্য ১৫টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করা হয়েছে বলে ব্রিফিংয়ে জানানো হয়।
ব্রিফিংয়ে তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আলম মোস্তফা উপস্থিত ছিলেন।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24