আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুরে দেশের শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান বিকাশ লিমিটেডের উদ্যোগে ‘বাংলা কিউআর: ডিজিটাল পেমেন্ট সার্ভিস ও ব্যবসায়িক প্রবৃদ্ধি’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ আগস্ট) বিকেলে মধুপুরের শাকিল'স কিচেন রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় স্থানীয় ব্যবসায়ী, ক্ষুদ্র উদ্যোক্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকাশের মার্চেন্ট ডেভেলপমেন্ট টিমের ময়মনসিংহ জোনের জোনাল ম্যানেজার আদিব ইকবাল, টাঙ্গাইল এরিয়া ম্যানেজার কাজী মোহাম্মদ বায়জিদ, মধুপুর টেরিটরি এক্সিকিউটিভ চৌধুরী মো. শিহাবুজ্জামান এবং অপারেশন ম্যানেজার সাদ্দাম হুসাইন।
সভায় বক্তারা বলেন, ডিজিটাল লেনদেন বর্তমান সময়ে ব্যবসা পরিচালনার একটি অপরিহার্য অনুষঙ্গ। এটি যেমন সময় ও খরচ সাশ্রয় করে, তেমনি লেনদেনে স্বচ্ছতা, নিরাপত্তা ও গ্রাহকসেবার মানও বৃদ্ধি করে। ব্যবসায়ীদের দৈনন্দিন লেনদেনে বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে দ্রুত, সহজ ও নির্ভরযোগ্য পেমেন্ট ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
আলোচনায় বাংলা কিউআরের বহুমুখী সুবিধা, নিরাপদ ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা, প্রযুক্তিনির্ভর ব্যবসা পরিচালনার প্রয়োজনীয়তা এবং নগদবিহীন লেনদেন সম্প্রসারণের বিভিন্ন দিক তুলে ধরা হয়। একই সঙ্গে অংশগ্রহণকারী ব্যবসায়ীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং তাদের মতামত ও অভিজ্ঞতা গুরুত্বের সঙ্গে শোনা হয়।বক্তারা আরও বলেন, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রসার দেশের অর্থনৈতিক কার্যক্রমকে আরও গতিশীল ও আধুনিক করবে। পাশাপাশি ব্যবসায়ীদের মধ্যে প্রযুক্তিনির্ভর লেনদেনের সংস্কৃতি গড়ে তুলতে এ ধরনের সচেতনতামূলক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের আয়োজকরা আশা প্রকাশ করেন, বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার ব্যবহার বৃদ্ধি পেলে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে নগদবিহীন লেনদেনের প্রতি আস্থা আরও বাড়বে এবং স্মার্ট, নিরাপদ ও আধুনিক ব্যবসায়িক পরিবেশ গড়ে উঠবে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24