উচ্চশিক্ষার রূপান্তরের পথযাত্রায় প্রশিক্ষিত মাস্টার ট্রেইনার ও জাতীয় প্রশিক্ষকেরা ইউজিসির কর্মপরিকল্পনা বাস্তবায়নে কেন্দ্রীয় ভূমিকা পালন করবেন বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
মঙ্গলবার রাতে সাভারের ব্র্যাক সিডিএমে হিট প্রকল্পের আওতায় আয়োজিত ‘সিনিয়র ফ্যাকাল্টি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় ‘ট্রেনিং অব ট্রেইনার্স’ কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অধ্যাপক মামুন আহমেদ বলেন, দেশের উচ্চশিক্ষায় মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়গুলোর কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নে ইউজিসি পাঁচ বছর মেয়াদি একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করছে। এর মূল লক্ষ্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও কর্মবাজারের চাহিদার মধ্যে থাকা ব্যবধান কমিয়ে শিক্ষার্থীদের দক্ষ, কর্মসংস্থান-উপযোগী গ্র্যাজুয়েট হিসেবে গড়ে তোলা।
তিনি জানান, এই কর্মপরিকল্পনার অংশ হিসেবে আগামী পাঁচ বছরের মধ্যে সব বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপ চালুর পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীরা শিল্প, বাণিজ্যিক এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করবেন। পাশাপাশি শিক্ষার্থীদের সফট স্কিল উন্নয়ন ও নৈতিক মূল্যবোধের শিক্ষা প্রদান করা হবে। এসব কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের আর্থিক সহায়তার ব্যবস্থাও করা হবে।
ইউজিসি চেয়ারম্যান বলেন, মাস্টার ট্রেইনার থেকে জাতীয় প্রশিক্ষক তৈরির এই ধাপভিত্তিক উদ্যোগ বিশ্ববিদ্যালয়গুলোতে মান নিশ্চিতকরণ, গবেষণা, উদ্ভাবন, আধুনিক পাঠদান পদ্ধতি এবং একাডেমিক নেতৃত্ব বিকাশে সহায়ক হবে। একই সঙ্গে গবেষণা সংস্কৃতির উন্নয়ন, প্রান্তিক বিশ্ববিদ্যালয়ে দক্ষ শিক্ষকের ঘাটতি কমাতে ফেলোশিপ সম্প্রসারণ এবং অপেক্ষাকৃত পিছিয়ে থাকা বিশ্ববিদ্যালয়গুলোর সক্ষমতা বাড়ানোর উদ্যোগও নেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে ১০ দিনের প্রশিক্ষণ শেষে ২০ জন শিক্ষককে জাতীয় প্রশিক্ষক হিসেবে সনদ দেওয়া হয়। তারা আগামী দুই বছরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় সাড়ে তিন হাজার জ্যেষ্ঠ শিক্ষককে পেশাগত উন্নয়ন প্রশিক্ষণ দেবেন।
অনুষ্ঠানে ইউজিসি সদস্য অধ্যাপক ড. মাসুমা হাবিব, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস, অ্যাডভান্স এইচইর পরামর্শক ড. বেন ব্রাবন, হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান এবং ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং একাডেমির ডিন অধ্যাপক ড. লায়লা নূর ইসলাম বক্তব্য দেন।
বিশ্বব্যাংকের সহায়তায় ইউজিসির হিট প্রকল্পের আওতায় ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের সহযোগিতায় পরিচালিত তিন ধাপের এই সক্ষমতা উন্নয়ন কর্মসূচির প্রথম পর্বে ১৫ জন মাস্টার ট্রেইনার তৈরি করা হয়। দ্বিতীয় পর্বে প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন জাতীয় প্রশিক্ষক এখন দেশব্যাপী জ্যেষ্ঠ শিক্ষকদের পেশাগত উন্নয়ন প্রশিক্ষণ পরিচালনা করবেন।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24