
পঞ্চগড় পৌর আওয়ামী লীগের সভাপতি ও একাধিক মামলার আসামি মো. কাজী আল তারিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।
এরআগে, গত বৃহস্পতিবার রাতে দিনাজপুরের বিরামপুর থেকে তাকে গ্রেপ্তার করে পঞ্চগড় সদর থানা ও জেলা ডিবি পুলিশ।
গ্রেপ্তার কাজী আল তারিক পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সদস্য এবং পঞ্চগড় সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। তিনি পৌর শহরের রামের ডাঙ্গা এলাকার কাজী শহিদুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, কাজী আল তারেকের বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় একাধিক মামলা রয়েছে। সে সব মামলায় তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মামলার পর থেকেই তাকে গ্রেপ্তারে অভিযান চালিয়ে আসছিল পুলিশ। এক পর্যায়ে তার অবস্থান দিনাজপুরের বিরামপুরে নিশ্চিত হলে পঞ্চগড় সদর থানা ও ডিবি পুলিশের সদস্যরা বিরামপুর থানা পুলিশের সহায়তায় সেখানে অভিযান চালান। পরে তাকে গ্রেপ্তার করে পঞ্চগড়ে নিয়ে আসা হয়।
পঞ্চগড় সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল বাসস’কে বলেন, ‘কাজী আল তারিকের বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় একাধিক মামলা রয়েছে। মামলাগুলোর ভিত্তিতে তাকে দিনাজপুরের বিরামপুর উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শুক্রবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। মামলাগুলো তদন্তাধীন রয়েছে। তদন্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24