
নাটোরে যাত্রীবাহী একটি বাস ও গরু বোঝাই ভুটভুটির সংঘর্ষে দুই সহোদর ও ১ গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ শনিবার সকাল দশটার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুর উপজেলার নয়াবাজার তালবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নাটোরের বড়াইগ্রাম উপজেলার ধামানিয়া এলাকার আরশেদ আলীর দুই ছেলে আক্কাস আলী (৬৩) ও জাহাঙ্গীর আলম (৪২) এবং একই উপজেলার লক্ষিপুর পাগলাবাজার এলাকার মৃত শেরআলী সরদারের ছেলে আব্দুর রহমান (৭০)।
বনপাড়া হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান বাসস’কে জানান, গরু বোঝাই একটি ভুটভুটি নিয়ে গরু ব্যবসায়ীরা সিরাজগঞ্জ জেলার চান্দাইকোনা হাটে যাচ্ছিলেন। এ সময় নয়াবাজার তারবাড়িয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই মারা যান আব্দুর রহমান। পরে আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে আক্কাস আলী মারা যায়। গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জাহাঙ্গীর আলম মারা যান। আহত ১২ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বনপাড়া হাইওয়ে থানার ওসি আরো জানান, ঘটনাস্থল থেকে দূর্ঘটনা কবলিত গাড়ি দু’টি জব্দ করা হয়েছে। বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আব্দুর রহমান ও আক্কাছ আলীর মরদেহ আইনি ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24