নিজস্ব প্রতিবেদক: ভারতে অবস্থান করে বাংলাদেশের জনগণ ও রাজনৈতিক নেতৃত্বকে শেখ হাসিনার হুমকি-ধমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। এ ঘটনায় ভারত সরকার কোনোভাবেই দায় এড়াতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার লেবার পার্টির দপ্তর সম্পাদক মো. মিরাজ খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
বিবৃতিতে ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, একজন দণ্ডিত আসামি ও গণঅভ্যুত্থানে পতিত সাবেক প্রধানমন্ত্রী কীভাবে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে বক্তব্য দেওয়ার এবং বাংলাদেশের জনগণকে হুমকি দেওয়ার সুযোগ পাচ্ছেন, সেটি এখন বাংলাদেশের জনগণের সামনে গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারত সরকার যদি শেখ হাসিনার অবস্থান সম্পর্কে অবগত থাকে, তাহলে তার এমন রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্বও ভারতের।
লেবার পার্টির চেয়ারম্যান বলেন, ভারত একদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার কথা বলে, অন্যদিকে ভারতের মাটিতে অবস্থানরত শেখ হাসিনা বাংলাদেশ নিয়ে রাজনৈতিক বক্তব্য, হুমকি ও উসকানি দেওয়ার সুযোগ পাচ্ছেন। এটি ভারতের কথিত নিরপেক্ষ অবস্থানের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক এবং স্পষ্ট দ্বৈতনীতি।
তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ কোনো বিদেশি শক্তির করুণা বা নির্দেশে রাষ্ট্র পরিচালনা করবে না। বাংলাদেশের জনগণই বাংলাদেশের মালিক এবং দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের একমাত্র অধিকার তাদের। শেখ হাসিনার শাসনামলে সংঘটিত গণহত্যা, হত্যাকাণ্ড, দমন-পীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের বিচার বাংলাদেশের জনগণের দীর্ঘদিনের দাবি। সেই বিচার ও জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে পাশ কাটিয়ে বিদেশের মাটিতে অবস্থান করে হুমকি-ধমকি ও রাজনৈতিক উসকানি দেওয়ার সুযোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ডা. ইরান বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না। ভারতের সঙ্গে তারা প্রতিবেশীসুলভ ও পারস্পরিক সম্মানভিত্তিক সম্পর্ক চান। তবে সেই সম্পর্কের নামে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ, কোনো দণ্ডিত ব্যক্তিকে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেওয়া কিংবা বাংলাদেশের জনগণকে হুমকি দেওয়ার পরিবেশ সৃষ্টি করা মেনে নেওয়া হবে না।
বিবৃতিতে তিনি শেখ হাসিনার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভারত সরকারের প্রতি অবিলম্বে বিষয়টি স্পষ্ট করার আহ্বান জানান। একই সঙ্গে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে হুমকি, উসকানি ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ বন্ধ করার আহ্বান জানান তিনি।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24