মোঃ আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহ নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতোয়ালী মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) ভোর থেকে সকাল পর্যন্ত নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে এবং কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলামের নির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়। এতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণের ওসি মুহাম্মাদ মাহবুবুল হক সহযোগিতা করেন।
পুলিশ জানায়, নগরীর কৃষ্টপুর, চরপাড়া, মাসকান্দা, আকুয়া, বাঘমারা, পুরাতন মেডিকেল গেট, বলাশপুর, কেওয়াটখালী, আনন্দ মোহন কলেজ রোড, পাঠগুদাম বীজ মোড় ও ময়মনসিংহ রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— মোঃ রাসেল (২৮), পিতা মৃত আব্দুল রশিদ, মাতা রিনা বেগম, সাং চর হরিপুর; সৌরভ আহম্মেদ (২২), পিতা মোঃ সাহেব আলী, মাতা জমিলা খাতুন, সাং অলিপুর, ২নং কুষ্টিয়া ইউনিয়ন; স্বাধীন ইসলাম রুহান (১৯), পিতা মোঃ শফিকুল ইসলাম রতন, সাং ইসলামবাগ, পাটগুদাম র্যালির মোড়; এবং মোঃ ইফাত হোসেন (১৯), পিতা বদিউজ্জামান সবুজ, মাতা রেহেনা পারভীন, সাং গোহাইলকান্দি।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তারকৃত সবাই ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশের এ ধরনের নিয়মিত ও যৌথ অভিযান নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। অভিযানের ফলে নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থাও আরও সুদৃঢ় হচ্ছে বলে তারা মনে করছেন।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24