
হামাসের সমর্থন পাওয়া যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন গাজা পরিকল্পনা রোববার প্রত্যাখ্যান করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এর মধ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার মতপার্থক্য আরও স্পষ্ট হল। এদিকে ঘনিয়ে আসা নির্বাচনের আগে নিজ দলের সমর্থন ধরে রাখার চেষ্টা করছেন নেতানিয়াহু। খবর বার্তা সংস্থা এএফপি’র।
এক সপ্তাহেরও বেশি সময় ধরে পরিকল্পনাটি নিয়ে সমালোচনা করে আসছিলেন নেতানিয়াহু। এমনকি ইসরাইলকে তাৎক্ষণিকভাবে গাজা থেকে সেনা প্রত্যাহার করতে হবে নাÑএমন আশ্বাস পাওয়ার পরও ডানপন্থি মিত্রদের চাপের মুখে শেষ পর্যন্ত তিনি প্রকাশ্যেই চুক্তিটির বিরোধিতা করেন। জুলাইয়ের শেষ দিকে হামাস যে ১৫ দফা পরিকল্পনায় সম্মতি দিয়েছিল, সেটি উল্লেখ করে নেতানিয়াহু বলেন, ‘ইসরাইল ১৫ দফার এই নথি প্রত্যাখ্যান করছে।’
তিনি মন্ত্রিসভার বৈঠকে বলেন, হামাস প্রকৃত অর্থে নিরস্ত্র না হওয়া পর্যন্ত ইসরাইলি সামরিক বাহিনী গাজা থেকে কোনো সেনা প্রত্যাহার করবে না। একই সঙ্গে ইসরাইলি সেনা ও নাগরিকদের জন্য হুমকি মোকাবিলা অব্যাহত থাকবে। গাজা চুক্তিকে শান্তির পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে অভিহিত করা ট্রাম্পকে নেতানিয়াহু ‘হোয়াইট হাউসে আমাদের সবচেয়ে বড় বন্ধু’ বলে উল্লেখ করেন। তবে, একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, প্রয়োজন হলে ট্রাম্পের সঙ্গে মতবিরোধেও যেতে প্রস্তুত তিনি।
নেতানিয়াহু বলেন, ‘তাদের কিছু প্রস্তাব রয়েছে; এর কিছু আমাদের কাছে গ্রহণযোগ্য, আবার কিছু গ্রহণযোগ্য নয়। এসব বিষয়ে কীভাবে নিজেদের অবস্থানে অটল থাকতে হয়, তা আমরা জানি। ইসরাইলের সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে কয়েকটি জনমত জরিপে প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে সমান সমান অবস্থানে রয়েছেন বা পিছিয়ে আছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ভয়াবহ হামলার পর গাজা যুদ্ধ শুরুর পর এটিই দেশটির প্রথম নির্বাচন।
জনমত জরিপে দেখা গেছে, নেতানিয়াহুর ডানপন্থি সমর্থকদের মধ্যে গাজা পরিকল্পনাটি জনপ্রিয় নয়। তার মন্ত্রিসভার কট্টর ডানপন্থি সদস্যরাও পরিকল্পনাটি বাতিল করার জন্য তাকে চাপ দিয়ে আসছেন।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24