সিটিজেন নিউজ ডেস্ক: হার্ট অ্যাটাক বা হৃদরোগের সমস্যা নিয়ে প্রায় সবাই আতঙ্কে থাকেন। এ জন্য বুকে কোনো ব্যথা হলে বা হার্ট অ্যাটাকের কোনো প্রাথমিক উপসর্গ দেখা দিলে বাড়তি যত্ন নেয়া ও সচেতন হতে দেখা যায়। এর মধ্যে যদি সার্বিকভাবে সুস্থ থাকা যায় এবং নিয়মিত ব্যায়াম করা হয়, তাহলে উল্লেখযোগ্যভাবে হৃদরোগের ঝুঁকি কমে। যদিও তা কখনো সম্পূর্ণ সুরক্ষা প্রদান করে না।
বর্তমান সময় তরুণ ও আপাতদৃষ্টিতে সুস্থ মানুষদেরও হার্ট অ্যাটাক হয়। কিন্তু কেন হয়, তা অনেকেরই অজানা।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, হার্ট অ্যাটাকের পাঁচটি গোপন ঝুঁকির কারণ জানিয়েছেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. রাহুল চাওলা। তাহলে সেসব বিষয় জেনে নেওয়া যাক।
জেনেটিক্স
জেনেটিক্স হচ্ছে সেসব নীরব কারণ, যা কিছু ব্যক্তিকে অন্যদের তুলনায় হার্ট অ্যাটাকের ঝুঁকিতে বেশি সংবেদনশীল করে তোলে। ডা. রাহুলের মতে, কিছু মানুষ উচ্চ লাইপোপ্রোটিন এ বা পারিবারিক উচ্চ কোলেস্টেরলের মতো অবস্থা উত্তরাধিকারসূত্রে পেয়ে থাকেন, যা স্বাস্থ্যকর জীবনযাপন বজায় রাখার পরও করোনারি ধমনীর মধ্যে প্লাক জমা হওয়াকে ত্বরান্বিত করার সম্ভাবনা রাখে।
শরীরের অদৃশ্য চর্বি
এ হৃদরোগ বিশেষজ্ঞ সতর্ক করেছেন, শরীরের সব মেদ দৃশ্যমান হয় না এবং অনেকের মধ্যে ‘থিন ফ্যাট ফেনোটাইপ’ নামে একটি বৈশিষ্ট্য থাকে। স্বাভাবিক শারীরিক ওজন থাকার পরও অতিরিক্ত ভিসারাল ফ্যাট, ইনসুলিন রেজিস্ট্যান্স, উচ্চ ট্রাইগ্লিসারাইড এবং মেটাবলিক সিনড্রোম থাকতে পারে। এর সবগুলোই অকাল হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় বলে জানিয়েছেন ডা. রাহুল।
চিকিৎসা ছাড়া স্বাস্থ্য পরিস্থিতি
ব্যায়াম শারীরিক সুরক্ষা বলে পরিচিত এবং নিয়মিত শরীরচর্চা হার্ট অ্যাটাকের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস করে থাকে। কিন্তু কোনো ব্যক্তির মধ্যে যদি আগে থেকেই স্বাস্থ্যগত সমস্যা থাকলে তা হার্ট অ্যাটাকের ক্ষেত্রে সুরক্ষা হিসেবে কাজ করে না।
ডা. রাহুলের মতে, ব্যায়াম বা অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, উচ্চ এলডিএল কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ বা বংশগত ঝুঁকির কারণগুলো পরিপূর্ণভাবে কাটিয়ে ওঠা যায় না। এ পরিস্থিতিগুলোর চিকিৎসা করা না হলে ধমনীর ভেতরে প্লাক জমার সম্ভাবনা থাকে।
শক্তিসমৃদ্ধ করার ওষুধ
বিশেষজ্ঞদের মতে, শক্তিসমৃদ্ধ বা কর্মক্ষমতা বৃদ্ধিকারী ওষুধ উপকারের থেকে বরং অপকারই বেশি করতে পারে। ডা. রাহুল বলেন, অ্যানাবলিক স্টেরয়েড এবং কিছু বডি বিল্ডিং সাপ্লিমেন্ট এলডিএল কোলেস্টেরল বাড়াতে, এইচডিএল কোলেস্টেরল কমাতে, হৃৎপেশী বড় করতে এবং বিপজ্জনক হৃৎস্পন্দনের অস্বাভাবিকতার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারে।
অন্তর্নিহিত হৃদরোগ
কিছু মানুষ আছে, যারা অন্তর্নিহিত হৃদরোগ নিয়ে জন্মগ্রহণ করেন। হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি, লং কিউটি সিনড্রোম, ব্রুগাডা সিনড্রোম এবং কিছু জন্মগত করোনারি ধমনীর অস্বাভাবিকতার মতো রোগগুলো অন্তর্নিহিত থাকতে পারে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24