বিনোদন ডেস্ক: ছোট পর্দায় আসতে চলেছে এক বড় চমক। জনপ্রিয় অপরাধ বিষয়ক রিয়েলিটি শো ‘ক্রাইম পেট্রোল’-এর দীর্ঘদিনের চেনা মুখ অনুপ সোনির জায়গায় এবার সঞ্চালক হিসেবে নতুন সফর শুরু করতে যাচ্ছেন বলিউড তারকা অজয় দেবগন। ইতোমধ্যে অনুষ্ঠানের নতুন সিজনের প্রথম ১৫টি পর্বের দৃশ্যধারণের কাজও শেষ করে ফেলেছেন তিনি।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বলিউডের অমিতাভ বচ্চন, শাহরুখ খান ও সালমান খানের পর এবার ছোট পর্দায় সঞ্চালক হিসেবে আত্মপ্রকাশ করছেন অজয় দেবগন। তবে ‘ক্রাইম পেট্রোল’-এ অজয় কতদিন থাকবেন, তা নির্ভর করবে দর্শক প্রতিক্রিয়া ও রেটিংয়ের ওপর। অর্থাৎ, প্রথম ১৫টি পর্বে দর্শকের কাছ থেকে ইতিবাচক সাড়া মিললে পরবর্তীতেও তিনি অনুষ্ঠানটির উপস্থাপনা চালিয়ে যাবেন।
এর আগে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি রহস্যময় টিজার ভিডিও শেয়ার করেছিলেন অজয়। সেখানে বলেছিলেন, ‘কখনও কখনও কিছু ঘটনা আমাদের ভেতর থেকে কাঁপিয়ে দেয়। আজ তেমনই এক সত্যি আমার সামনে এসেছে, যা আমাকে স্তব্ধ করে দিয়েছে। খুব শিগগিরই তা আপনাদের সামনে নিয়ে আসব।’ সরাসরি নাম না বললেও ধারণা করা হইয়েছিল ভিডিওটি এই অনুষ্ঠানের প্রচারণার অংশ।
এদিকে ‘ক্রাইম পেট্রোল’-এর নতুন এই মৌসুমে শুধু অজয় দেবগনই নন, কয়েকটি পর্বে উপস্থাপক হিসেবে দেখা যাবে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মির্জাপুর’ খ্যাত অভিনেতা রাজেশ টাইলাংকেও। তবে তিনি কতগুলো পর্বে থাকবেন, তা অজয়ের প্রচারিত পর্বগুলোর প্রতি দর্শকদের আগ্রহের ওপর ভিত্তি করে নির্ধারণ করা হবে।
উল্লেখ্য, বহু বছর ধরে ‘ক্রাইম পেট্রোলের’-এর প্রধান ও নিয়মিত মুখ ছিলেন অনুপ সোনি। তার বাইরেও বিভিন্ন সময়ে দিবাকর পুন্ডির, শক্তি আনন্দ, সাক্ষী তানওয়ার, সঞ্জীব ত্যাগী, দিব্যাঙ্কা ত্রিপাঠী, সোনালী কুলকার্নি ও আশুতোষ রানার মতো তারকাদের এই অনুষ্ঠানের বিভিন্ন পর্ব উপস্থাপনা করতে দেখা গেছে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24