মাধবপুর প্রতিনিধি:ফোরকান উদ্দিন রোমানঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার কাশিমনগর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা শতভাগ সাফল্য অর্জন করেছে। বিদ্যালয়ের এমন অভাবনীয় ফলাফলে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, এবারের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা সুনামের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ উত্তীর্ণ হওয়ার গৌরব অর্জন করেছে। শিক্ষার্থীদের এই সাফল্যের পেছনে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের আন্তরিক প্রচেষ্টা, নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবকদের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিন বলেন, “আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের শতভাগ সাফল্য আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। এই অর্জন শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিকতা এবং অভিভাবকদের সহযোগিতার ফল। ভবিষ্যতেও আমরা শিক্ষার মান আরও উন্নত করে শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে কাজ করে যাব।”
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তপন চন্দ্র দত্ত বলেন, “শিক্ষার্থীরা নিয়মিত পড়াশোনা ও শিক্ষকদের নির্দেশনা মেনে চলার কারণেই এই সাফল্য অর্জন করেছে। তাদের এই ফলাফল আমাদের সবাইকে অনুপ্রাণিত করেছে। আমরা আশা করি, ভবিষ্যতেও কাশিমনগর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা আরও ভালো ফলাফল করে বিদ্যালয়ের সুনাম দেশব্যাপী ছড়িয়ে দেবে।”
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানো, নিয়মিত ক্লাস নেওয়া, দুর্বল শিক্ষার্থীদের বিশেষভাবে সহযোগিতা এবং পরীক্ষার প্রস্তুতিতে বাড়তি গুরুত্ব দেওয়ার ফলে এ সাফল্য এসেছে।
এদিকে বিদ্যালয়ের শতভাগ সাফল্যে কৃতকার্য শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের অভিনন্দন জানিয়েছেন স্থানীয়রা। তারা ভবিষ্যতেও বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও ফলাফলের ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24