জাকির ফরাজীঃ
অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দেওয়া আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে পিরোজপুরে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে পিরোজপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তালিকাভুক্ত সুবিধাভোগীদের হাতে নগদ অর্থের চেক ও অনুদান তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে ভিডিও কলে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। তাঁর উপস্থিতিতে সুবিধাভোগীদের মধ্যে সরকারি এ আর্থিক সহায়তা বিতরণ করা হয়।
পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা আমির মাওলানা আব্দুর রব, জেলা সেক্রেটারি মোহাম্মদ জহিরুল হক, পৌর আমির মাওলানা ইসহাক আলী খান, পৌর সেক্রেটারি আল আমিন শেখ এবং সদর উপজেলা সেক্রেটারি অধ্যাপক আরিফ মিয়া।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নানা কারণে অসচ্ছল হয়ে পড়া ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য এ ধরনের সরকারি সহায়তা গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ সংশ্লিষ্ট মানুষের হাতে পৌঁছালে তা তাদের সাময়িক আর্থিক সংকট মোকাবিলায় সহায়ক হবে।
তারা বলেন, সরকারি সহায়তার সঠিক ও সুষ্ঠু বণ্টন নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠান শেষে তালিকাভুক্ত সুবিধাভোগীদের হাতে আনুষ্ঠানিকভাবে নগদ অর্থের চেক ও অনুদান তুলে দেওয়া হয়। সরকারি এই সহায়তা পেয়ে অসহায় ও দুস্থ মানুষ কিছুটা স্বস্তি প্রকাশ করেন।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24