
জেলার সদর উপজেলার শিবপুর ইউনিয়নের মেঘনা নদীর তীর ধসে নদীতে পড়ে নিখোঁজ হওয়া দুই বন্ধুর খোঁজে উদ্ধার অভিযান চলছে।
নিখোঁজের প্রায় ১৫ ঘণ্টা পেরিয়ে গেলেও আমজাদ হোসেন (২৭) ও রাকিব আহমেদের (২২) সন্ধান এখনো মেলেনি।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উদ্ধার অভিযানে অংশ নেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
এরআগে গতকাল বুধবার সন্ধ্যায় ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের বালুর মাঠ এলাকায় নদীর পাড়ে বসে আড্ডা দেওয়ার সময় তীর ধসে ডুবে যায় ৫ বন্ধু। পরে ৩ জন সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হন আমজাদ ও রাকিব।
নিখোঁজ আমজাদ ভোলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মো. ইব্রাহিম মিয়ার ছেলে ও রাকিব শিবপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাবুল হোসেনের ছেলে।
ঘটনার পর স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড ও নৌ-পুলিশের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। তবে রাত পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি। পরে আজ সকালে আবারও উদ্ধার অভিযান শুরু করেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র বলেন, দুই বন্ধুর নিখোঁজের বিষয়টি জানার পর কোস্ট গার্ড, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসকে উদ্ধার কার্যক্রম চালানোর নির্দেশনা দেয়া হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের উদ্ধার অভিযান চলছে।
এদিকে, নিখোঁজদের উদ্ধার অভিযানের সার্বিক খোঁজ-খবর নিচ্ছেন-ভোলা-১ আসনের সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। তিনি গণমাধ্যমকে জানান, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার কার্যক্রম চালাতে কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসকে ইতোমধ্যেই নির্দেশ দেয়া হয়েছে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24