কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ মো. আদম আলী (৩৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মো. আপেল (৩৯) নামে অপর এক মাদক কারবারি পালিয়ে যায়।
১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ সন্ধ্যায় উপজেলার নেওয়াশী ইউনিয়নের উত্তর সুখাতী গ্রামের হাসেন আলীর মুদি দোকানসংলগ্ন ফুলবাড়ী-নাগেশ্বরী পাকা সড়কে অভিযানটি পরিচালিত হয়।
গ্রেফতার আদম আলী নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মমিনগঞ্জ গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে। পলাতক আপেল একই উপজেলার নেওয়াশী ইউনিয়নের সাতকুড়াপাড় (পান্তাবাড়ী) এলাকার মৃত রহমত উল্লাহর ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক ও অন্যান্য অপরাধে ৭টি মামলা রয়েছে বলে জানা গেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কুড়িগ্রাম সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক আবু নায়েম মো. কাজী নুরন্নবীর নেতৃত্বে একটি রেইডিং টিম ওই এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একটি অ্যাপাচি মোটরসাইকেলের গতিরোধ করে আদম আলীকে আটক করা হয়। অপর আসামি আপেল দৌড়ে পালানোর সময় তার হাত থেকে ইয়াবা ভর্তি পলিথিন ও একটি মোবাইল ফোন পড়ে যায়।
পরে সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে আদম আলীর পকেট থেকে ৪০ পিস এবং আপেলের ফেলে যাওয়া প্যাকেট থেকে ৬২ পিসসহ মোট ১০২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার ওজন ১০.২ গ্রাম। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি ১২৫ সিসি অ্যাপাচি মোটরসাইকেল ও একটি স্মার্টফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামতের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৪০ হাজার ৬০০ টাকা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের পরিদর্শক আবু নায়েম মো. কাজী নুরন্নবী বাদী হয়ে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় নিয়মিত মামলা দায়ের করেন।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ জানান, গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24