জাকির ফরাজী, পিরোজপুরঃ
ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে মাসব্যাপী কর্মসূচি শুরু করেছে পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। কর্মসূচির অংশ হিসেবে,পরিচ্ছন্নতা অভিযান ও মশা নিধন কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে পিরোজপুর শহরের বিভিন্ন দোকানপাট, মাছের বাজার, মুদি বাজারসহ বিভিন্ন এলাকায় মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।
অভিযানে বাজার ও ব্যবসাপ্রতিষ্ঠানের আশপাশে জমে থাকা পানি, আবর্জনা এবং মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থানগুলো পরিষ্কার করা হয়। পাশাপাশি ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বার্তা দেওয়া হয়।
ব্যবসায়ী ও পথচারীদের জমে থাকা পানি ও আবর্জনা অপসারণ, পানির ট্যাংক ও ফুলের টব পরিষ্কার রাখা এবং নিয়মিত আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।
গাজী ওয়াহিদুজ্জামান লাভলু বলেন, পিরোজপুরকে ডেঙ্গুর হটস্পট ঘোষণা করা হয়েছে। এই মহামারি এককভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। এজন্য আমরা মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছি। আজ কর্মসূচির প্রথম দিন। বাজার ও বিভিন্ন এলাকায় মশা নিধনের জন্য ওষুধ প্রয়োগ ও পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। একই সঙ্গে ব্যবসায়ীদের সচেতন করা হয়েছে।
তিনি আরও বলেন, পিরোজপুর পৌরবাসীর উদ্দেশে আমি বলতে চাই, মশার বংশবিস্তার রোধে কোথাও পানি জমতে দেবেন না। নিজের আঙিনা প্রত্যেকে নিজে পরিষ্কার রাখুন।
অভিযানে চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আহসানুল কবির, সহ-সভাপতি মেহেদী হাসান সমাজসেবক গাজী কামরুজ্জামান শুভ্রসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24