নিজস্ব প্রতিবেদক: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রস্তুত করতে উপজেলা ভিত্তিক পৃথক ৯টি যাচাই–বাছাই কমিটি করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি। অবশ্য তালিকা প্রস্তুত করার আগে কমিটির নেতৃবৃন্দকে স্থানীয় সংসদ সদস্যদের সাথে আলোচনা–পরামর্শ করতে হবে। পাশাপাশি স্থানীয় সাধারণ জনগণ ও দলীয় নেতাকর্মীদের সরাসরি মতামত গ্রহণ করবেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জেলা বিএনপির সভার সিদ্ধান্ত অনুযায়ী এ কমিটি গঠন করা হয়। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ ইদ্রিস মিয়া ও সদস্যসচিব লায়ন হেলাল উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটিগুলোর নাম ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গঠিত কমিটিগুলো স্থানীয় জ্যেষ্ঠ নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শ এবং সাধারণ জনগণ ও দলীয় নেতা-কর্মীদের সরাসরি মতামত নেবে। এরপর বাস্তবভিত্তিক পর্যালোচনা করে আগামী ১০ দিনের মধ্যে গোপনীয় প্রতিবেদন হিসেবে জেলা কার্যালয়ে জমা দিতে হবে। প্রাপ্ত তথ্য পর্যালোচনার পর সমন্বিত উদ্যোগ ও আলোচনার মাধ্যমে চূড়ান্ত প্রার্থী নির্ধারণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা মূল্যায়নের জন্য ৬টি সুনির্দিষ্ট মাপকাঠি নির্ধারণ করা হয়েছে। সেগুলো হলো— প্রার্থীর নাম, ঠিকানা ও মোবাইল নম্বর; বর্তমান ও অতীত কার্যকালসহ সাংগঠনিক পদবির বিবরণ; বিগত আন্দোলন-সংগ্রামে ভূমিকা ও মামলা-মোকদ্দমার বিবরণ; দলীয় নেতা-কর্মীদের কাছে গ্রহণযোগ্যতা; সাধারণ জনগণের কাছে গ্রহণযোগ্যতা এবং নির্বাচনে বিজয়ী হওয়ার সম্ভাবনা।
ঘোষিত তালিকা অনুযায়ী আনোয়ারা উপজেলায় রয়েছেন, মাষ্টার মোহাম্মদ রফিক, সরোয়ার হোসেন মাসুদ, জাগির আহমদ, আমিনুল ইসলাম, দিল মোহাম্মদ মনজু ও এম মনছুর উদ্দিন।
কর্ণফুলীতে আছেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, এস এম মামুন মিয়া, হাজী মোহাম্মদ ওসমান, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ ফারুক হোসেন ও সালেহ জহুর।
বাঁশখালীতে যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, আমিনুর রহমান চৌধুরী, জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, কামরুল ইসলাম হোসাইনী, মাষ্টার মোহাম্মদ লোকমান ও দেলোয়ার আজীম।
সাতকানিয়ায় জামাল হোসেন, মুজিবুর রহমান, হাজি মো. রফিকুল আলম, শেফায়ত উল্লাহ চক্ষু ও মোস্তফিজুর রহমান।
লোহাগাড়ায় আসহাব উদ্দিন চৌধুরী, নাজমুল মোস্তফা আমিন, এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সাজ্জাদুর রহমান, সালাহউদ্দিন চৌধুরী সোহেল ও ফৌজুল কবির ফজলু।
চন্দনাইশে নুরুল আনোয়ার চৌধুরী, মোজাম্মেল হক বেলাল, খন্দকার হেলাল উদ্দিন, জসিম উদ্দিন ও ইখতিয়ার হোসেন চৌধুরী ইফতু।
বোয়ালখালী উপজেলায় আজিজুল হক চৌধুরী, শওকত আলম চৌধুরী, জাবেদ মেহেদী হাসান সুজন ও মোহাম্মদ শাহীনুর শাহীন।
পটিয়াতে রেজাউল করিম নেচার, সাইফুদ্দীন সালাম মিঠু, বদরুল খায়ের চৌধুরী, শফিকুল ইসলাম চেয়ারম্যান, জাহাঙ্গীর আলম চৌধুরী, জাহাঙ্গীর কবির, মোহাম্মদ ইব্রাহীম ও শাহাদাত হোসেন সুমন এবং উত্তর সাতকানিয়া সাংগঠনিক ইউনিটে রাজীব জাফর চৌধুরী ও দেলোয়ার হোসেন।
বিজ্ঞপ্তির অনুলিপি দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদকদের কাছে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব লায়ন মো. হেলাল উদ্দীন ঢাকা পোস্টকে বলেন, ‘দলীয় প্রতীক না থাকলেও সমর্থিত যোগ্য প্রার্থী ঘোষণা করা হবে এবং তাদের যাচাই-বাছাইয়ের জন্যই এই কমিটি করা হয়েছে। কমিটির সদস্যরা এলাকায় গ্রহণযোগ্যতা, রাজনৈতিক জীবন, কারাবরণ ও আন্দোলন-সংগ্রামে প্রার্থীর ভূমিকাসহ সামগ্রিক বিষয় বিবেচনায় নিয়ে প্রতিবেদন দেবেন। দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে কেউ নির্বাচনে অংশ নিলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24