নিজস্ব প্রতিবেদক: তাঞ্জানিয়ার আরুসায় অনুষ্ঠেয় ১৫৩তম ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
রোববার (৪ অক্টোবর) দুপুর সাড়ে ২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঞ্জানিয়ার উদ্দেশে যাত্রা করেন তিনি।
স্পিকারের এই সফরসঙ্গী হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদের একটি প্রতিনিধিদল তার সঙ্গে রয়েছেন। প্রতিনিধিদলে রয়েছেন— জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, এমপি। এছাড়া সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, এ ই সুলতান মাহমুদ বাবু, মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস, এস কে আজিজুল বারী, হুমাম কাদের চৌধুরী, মীর আহমাদ বিন কাসেম, সানসিলা জেবরিন এবং রোকেয়া বেগম স্পিকারের সঙ্গী হিসেবে এই সম্মেলনে অংশ নিচ্ছেন।
তাঞ্জানিয়ার আরুসায় আগামী ৫ থেকে ৯ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে এই বৈশ্বিক সংসদীয় সম্মেলন। পাঁচ দিনব্যাপী এই সম্মেলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের পক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নেতৃত্ব এবং বক্তব্য দেবেন
এবারের ১৫৩তম আইপিইউ সম্মেলনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘অন্তর্ভুক্তি, আস্থা এবং সবার জন্য সুযোগ সৃষ্টির মাধ্যমে সুশাসন উন্নয়ন এবং সম্প্রদায়ের ক্ষমতায়ন’। সম্মেলনের সমাপনী দিন অর্থাৎ আগামী ৯ অক্টোবর অনুষ্ঠিত হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আইপিইউ গভর্নিং কাউন্সিলের বৈঠক, যেখানে সদস্য রাষ্ট্রগুলোর ভোটে সংগঠনটির নতুন সভাপতি নির্বাচন করা হবে।
সংসদ সচিবালয় জানায়, আইপিইউ সম্মেলনের সার্বিক কার্যক্রম এবং নির্ধারিত বৈঠকগুলো সফলভাবে সম্পন্ন করে আগামী ১১ অক্টোবর স্পিকার ও তার সফরসঙ্গী প্রতিনিধিদল দেশে ফিরে আসবেন।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24