
সিরিয়ার দক্ষিণাঞ্চলে ইসরাইল-নিয়ন্ত্রিত এলাকায় একটি সামরিক অবস্থানে ঢোকার চেষ্টা করা এক ব্যক্তিকে গুলি করে হত্যা করার দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী।
সোমবার ভোরে দেওয়া এক বিবৃতিতে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, ‘কিছুক্ষণ আগে আইডিএফের সেনারা দক্ষিণ সিরিয়ার নিরাপত্তা অঞ্চলে একটি আইডিএফ অবস্থানে ঢোকার চেষ্টা করা এক সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করে।’
খবর বার্তা সংস্থা এএফপি’র।
আইডিএফ আরও জানায়, ‘দ্রুত শনাক্ত করার পর সেনারা ওই সন্দেহভাজনের দিকে গুলি চালায় এবং তাকে হত্যা করে।’ এ ঘটনায় ইসরাইলি সেনাদের কেউ আহত হয়নি বলেও জানানো হয়েছে।
২০২৪ সালের শেষ দিকে ইসলামপন্থী নেতা আহমাদ আল-শারেহ দামেস্কের ক্ষমতায় আসার পর সিরিয়ায় ইসরাইলের সামরিক তৎপরতা ব্যাপকভাবে বেড়ে যায়। ওই সময় বিদ্রোহী জোটের নেতৃত্বে তিনি দীর্ঘদিনের প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করেন।
এর পর ইসরাইল সিরিয়ায় শত শত বিমান হামলা চালায়। একই সঙ্গে দেশটির দক্ষিণাঞ্চলে সামরিক অভিযান পরিচালনা করে এবং গোলান মালভূমিতে ইসরাইলি ও সিরীয় বাহিনীর মধ্যে থাকা জাতিসংঘ-নিয়ন্ত্রিত বাফার জোনে সেনা মোতায়েন করে।
ইসরাইলি কর্মকর্তারা বারবার বলেছেন, তারা ওই নিরাপত্তা এলাকায় সেনা মোতায়েন বজায় রাখতে চান। সেখানে ইসরায়েল আরও বড় একটি অসামরিকীকৃত অঞ্চল প্রতিষ্ঠা করতে চায়।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24