
শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের অস্বচ্ছল নারীদের মাঝে নতুন বস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে আর্য্য ধর্মসভা মন্দিরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব বস্ত্র বিতরণ করা হয়। সনাতন ধর্মীয় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান শ্রী ভগবতগীতা সংঘ-খুলনা এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতায় খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, আমরা সকলে এই দেশের মানুষ। ধর্ম যার যার অবস্থানে রেখে আমাদের সম্প্রীতির বন্ধন দীর্ঘদিনের। সাম্প্রদায়িক সম্প্রীতির দীর্ঘ ঐহিত্য আমরা লালন করে আসছি যুগ যুগ ধরে। সম্প্রীতির এই বন্ধন আরো দৃঢ় করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কোনো অপশক্তি যেন আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে ফয়দা লুটতে না পারে, রাজনৈতিক বিভক্তি যেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে সেদিকে সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে সামগ্রিক পরিবর্তন আনতে কাজ শুরু করেছেন। সেই পরিবর্তন হবে মানুষে মানুষে সম্প্রীতির বন্ধনের মধ্যদিয়ে। আজকের এ আয়োজনের মধ্যদিয়ে সাম্য প্রতিষ্ঠা পাবে এবং আমরা সবাই মিলে একটি সুন্দর পরিবেশ রচনা করতে সক্ষম হবো।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংঘের সভাপতি নিতাই বিশ্বাস। বিশেষ অতিথি’র বক্তৃতা করেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ খুলনা মহানগরীর সভাপতি বীরেন্দ্র নাথ ঘোষ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক বিমান সাহা, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ঐক্য ফ্রন্ট খুলনা মহানগর শাখার সহসভাপতি উজ্জ্বল কুমার সাহা, বাংলাদেশ জুয়েলারী অ্যাসোসিয়েশন খুলনা জেলা শাখার সভাপতি সমরেশ সাহা এবং সংঘের উপদেষ্টা ও মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সমর কুন্ডু।
অনুষ্ঠানে সংঘের পরিচিতি ও কার্যক্রম তুলে ধরেন সংঘের সাধারণ সম্পাদক পুলোকেশ সাহা পলাশ। সংঘের সদস্যবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে শ্লোক উচ্চারণ এবং সংঘের প্রয়াত সদস্যসহ তাদের নিকট আত্মীয়দের বিদেহী আত্মার পরলৌকিক শান্তি, অসুস্থ সদস্যদের দ্রুত আরোগ্য এবং দেশ ও দশের শান্তি কামনা করে প্রার্থনা করা হয়।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24