ম্যাচে ঘড়ির প্রথম মিনিট যেতেই মালদ্বীপের জাল কাঁপাল ভারত। দলটির গোলের এই ধারা চলল শেষ বাঁশি বাজা অব্দি। বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফিতে বড় জয়ে টুর্নামেন্ট শুরু করল ভারত।
রোববার পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে ৪০-৮ ব্যবধানে হারিয়েছে ভারত। নারী হ্যান্ডবলের এই ম্যাচের প্রথমার্ধে ২০-২ গোলে এগিয়ে ছিল ভারত। পরের অর্ধে আরও ২০ বার তারা খুঁজে নেয় মালদ্বীপের জাল। মালদ্বীপের মেয়েরা এই অর্ধে অবশ্য প্রথমার্ধের তুলনায় ৬ গোল বেশি দেয়। যদিও তা বড় ব্যবধানের পরাজয় রুখতে পারেনি।
মালদ্বীপের বিপক্ষে দারুণ জয়ে ম্যাচ সেরা হন ভারতের দেবী জাগরিতি। খেলা শেষে তিনি বলেন, 'প্রথম ম্যাচ জয় সব সময়ই অত্যন্ত আনন্দের।'
আগামীকাল টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মেয়েদের মুখোমুখি হবে ভারত। এই ম্যাচ নিয়ে জাগরিতি বলেন, 'বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ, তাদের খেলা আমরা দেখেছি, তবে আমরাও প্রস্তুত। আমাদের লক্ষ্য ট্রফি নিয়েই বাড়ি ফেরা।'
এর আগে দিনের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে বাংলাদেশের মেয়েরা ৩৩-২০ গোলে জয়ী হয়ে আসরে শুভসূচনা করেছে।
আগামীকাল দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় নেপাল খেলবে মালদ্বীপের বিপক্ষে। আর সাড়ে ৪টায় স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24