জাকির ফরাজী:
পিরোজপুরের গণমাধ্যম অঙ্গনে যুক্ত হলো নতুন দৈনিক পত্রিকা ‘জনপথ প্রতিদিন’। ‘মাটি ও মানুষের কণ্ঠস্বর’ স্লোগান নিয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরার প্রত্যয় নিয়ে বুধবার (২১ অক্টোবর) সকালে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে পত্রিকাটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে।
সকাল ১১টায় আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভা, কেক কাটা ও পত্রিকাটির মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে নতুন এই দৈনিকের যাত্রা শুরু হয়।
পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন পত্রিকাটির প্রকাশক মো. নাঈম তালুকদার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. জহিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইফতেখারুল ইসলাম শামীম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও পিরোজপুর চেম্বার অব কমার্সের সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু এবং জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জহিরুল হক। এ ছাড়া জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা অনুষ্ঠানে অংশ নেন।
পত্রিকাটির আত্মপ্রকাশ উপলক্ষে শুভেচ্ছা বক্তব্য দেন ইউএনবির জেলা প্রতিনিধি ও জ্যেষ্ঠ সাংবাদিক মাহমুদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা ও জ্যেষ্ঠ সাংবাদিক এম এ রব্বানী ফিরোজ, ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মনিরুজ্জামান নাসিম আলী, সিনিয়র সাংবাদিক জিয়াউল আহসান, ‘পিরোজপুরের কণ্ঠ’ পত্রিকার সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি খালিদ আবু, দৈনিক জনপথ প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক খেলাফত হোসেন খসরু এবং পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ।
বক্তারা নতুন পত্রিকা প্রকাশের উদ্যোগকে স্বাগত জানিয়ে এর সাফল্য কামনা করেন। তাঁরা বলেন, গণমাধ্যমের মূল দায়িত্ব হলো সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের কথা তুলে ধরা এবং জনস্বার্থ রক্ষা করা। নতুন এই পত্রিকা সেই দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
বক্তারা আরও আশা করেন, ‘জনপথ প্রতিদিন’ পিরোজপুরের মানুষের সমস্যা, সম্ভাবনা, জনদুর্ভোগ ও উন্নয়ন-অগ্রগতির চিত্র তুলে ধরবে। একই সঙ্গে সত্যনিষ্ঠ সাংবাদিকতা ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে পাঠকদের আস্থা অর্জন করতে সক্ষম হবে।
অনুষ্ঠানে পত্রিকাটির স্টাফ রিপোর্টার মনিরুল ইসলাম চৌধুরী, জেলা প্রতিনিধি জিয়াউল হক, উপজেলা প্রতিনিধি আবুল কালাম ও নাজমুল হোসেনসহ স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অতিথিরা কেক কাটেন এবং পত্রিকাটির মোড়ক উন্মোচন করেন। ‘মাটি ও মানুষের কণ্ঠস্বর’ স্লোগানকে ধারণ করে যাত্রা শুরু করা ‘জনপথ প্রতিদিন’ স্থানীয় মানুষের প্রত্যাশা, অধিকার ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরার মধ্য দিয়ে পিরোজপুরের গণমাধ্যম অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথিরা।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24